মুগদায় কবুতর ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর মুগদার মান্দায় নিজ বাড়ির পাঁচতলার ছাদ থেকে পড়ে মো. রুহিত আলী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাতটার দিকে মান্দা বড়পাড়া এলাকায় ঘটে এ ঘটনা। ছাদের রেলিংয়ে বসে থাকা কবুতর ধরতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি।
নিহত রুহিতের মামা মো. আদিল জানান, তার ভাগনে তেমন কোনো কাজ করতেন না। নিজ বাড়ির ছাদে কবুতর পালন করতেন তিনি। মঙ্গলবার রাতে ছাদের রেলিংয়ে বসে থাকা একটি কবুতর ধরতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন রুহিত।
পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রুহিতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রুহিত মান্দা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মৃত শহর আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।




