রঞ্জন কর্মকারের স্মরণসভা
বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সংগৃহীত ছবি
গণতন্ত্র, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
আজ শুক্রবার বিকালে পল্টন টাওয়ারস্থ ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এক স্মরণসভায় এ আহ্বান জানান তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত রঞ্জন কর্মকার স্মরণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে প্রদীপ প্রজ্জ্বলন এবং এক মিনিট দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মরণসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, যে স্বপ্ন আমরা দেখেছি, সেটা হারিয়ে গেছে— এটা বিশ্বাস করতে চাই না। চব্বিশের ৫ আগস্টের পর থেকে দক্ষিণপন্থীদের দাপট চলমান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সাম্য ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে এগিয়ে যাবার আজ সময় হয়েছে।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রয়াত রঞ্জন কর্মকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত তিনি একনিষ্ঠভাবে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিওর সভাপতিত্বে এবং অন্যতম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিপংকর ঘোষের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
আলোচনায় আরও অংশ নেন ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, মিলন কান্তি দত্ত, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, নারী মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়, ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, অশোক কর্মকার, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বীরেন অধিকারী, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক চন্দন কুমার লাহিড়ী, মনিসিংহ-ফরহাদ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি নিতাই কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. সিতিশ চন্দ্র বাছার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল দেবনাথ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. সুমন রায়, যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র শীল ও প্রয়াতের সহধর্মিণী কবিতা রানী বিশ্বাস।







