ক্রীড়া চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান সড়ক পরিবহনমন্ত্রীর

সংগৃহীত ছবি
খেলাধুলার চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কলাবাগানে ‘গ্রিনরোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্র’ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে রবিউল আলম উল্লেখ করেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি পেশা ও জীবিকা নির্বাহের মাধ্যম হতে পারে। জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্বকারী সফল খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ এবং এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি যোগ করেন, খেলার সবচেয়ে বড় সৌন্দর্য হলো জয় উপভোগ করা এবং পরাজয় মেনে নেওয়া। ক্রীড়াসুলভ এই মানসিকতা সমাজ ও রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রেও প্রতিষ্ঠা করা প্রয়োজন। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, শৃঙ্খলা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী জানান, খেলাধুলা তরুণদের মধ্যে নেতৃত্ব, দলীয় চেতনা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। এরপর তিনি টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দলগুলো। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত গ্রীনরোড স্টাফ কোয়ার্টার দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও বিনোদনমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।



