দুর্গাপূজার নিরাপত্তায় থাকছে সোয়া দুই লাখ আনসার-ভিডিপি সদস্য

বৃহস্পতিবার আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
শারদীয় দুর্গোৎসবে দেশজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবার দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য।
শুধু জনবল মোতায়েনই নয়, প্রযুক্তিনির্ভর নজরদারি, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়াদানের ব্যবস্থাও রেখেছে বাহিনীটি।
বৃহস্পতিবার আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি জানালেন, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ ও ৬৬ হাজার ৩৩০ জন নারী আনসার-ভিডিপি সদস্য। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমের ৬২৪ জন সদস্যকে।
মহাপরিচালক বলছিলেন, এবারের নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডিজিটাল নজরদারি ও দ্রুত সাড়াদানের ওপর। এ জন্য চালু করা হয়েছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। এর মাধ্যমে পূজামণ্ডপ থেকে তথ্য সংগ্রহ, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জরুরি ঘটনায় দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানিয়েছেন, দেশের মন্দির ও পূজামণ্ডপগুলোর গুরুত্ব এবং সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি এবং সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে থাকছেন ছয়জন করে সদস্য।
মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, গত দুই বছরে তৃণমূলভিত্তিক সংস্কার, প্রশিক্ষণের আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাহিনীতে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের দক্ষ ও দায়িত্বশীল জনবল হিসেবে গড়ে তুলতে চালু করা হয়েছে কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম। এর মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম এবং জননিরাপত্তায় অংশগ্রহণের মানসিকতা তৈরির পাশাপাশি বাস্তব কাজের উপযোগী দক্ষতা গড়ে তোলা হচ্ছে। এবারের দুর্গাপূজায় দায়িত্ব পালনের মধ্য দিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর সুযোগ পাবেন তারা।



