কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমানবাহিনীর নতুন কন্টিনজেন্ট
- ৪ হেলিকপ্টারসহ ১৩৪ সদস্যের দায়িত্ব গ্রহণ
- কঙ্গো পৌঁছেছেন ২৩ জন

সংগৃহীত ছবি
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীর নতুন কন্টিনজেন্ট। চারটি এমআই সিরিজের হেলিকপ্টার ও বিভিন্ন স্থল সহায়তা সরঞ্জামসহ ১৩৪ সদস্যের এই দলটি দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মনুস্কোতে দায়িত্ব পালনরত বিমানবাহিনীর বর্তমান ইউটিলিটি এভিয়েশন ইউনিটের স্থলাভিষিক্ত হবে।
আজ রবিবার এ উপলক্ষে ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং দিয়েছেন বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বিমানবাহিনীপ্রধান শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনী দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন বিমানবাহিনীপ্রধান। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় কর্মরত এয়ার অফিসার এবং বিমান সদর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, নতুন কন্টিনজেন্টের নাম ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩। এর নেতৃত্ব দেবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান। কন্টিনজেন্টের ২৩ সদস্য গত ২৮ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশে যাত্রা করেছেন। বাকি ১১২ সদস্য আগামী ৪ নভেম্বর দেশটির উদ্দেশে রওনা হবেন।
বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর চারটি এমআই সিরিজের হেলিকপ্টার ও বিভিন্ন স্থল সহায়তা সরঞ্জামসহ ১৩৪ সদস্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের মনুস্কো শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। তাদের স্থলাভিষিক্ত হতেই ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২৩ পাঠানো হচ্ছে।



