রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চালুর প্রস্তুতি সৌদিয়া এয়ারলাইনসের

সংগৃহীত ছবি
হুতি হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় বিঘ্নিত হয়েছে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট। শাহজালাল বিমানবন্দর থেকে এখন পর্যন্ত ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২৪১ যাত্রী। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬৯টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।
এমন পরিস্থিতিতে সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার থেকে রিয়াদ বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে সৌদিয়া এয়ারলাইনস।
সৌদিয়ার বরাত দিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় আগামীর সময়কে এমনটা জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাউসার মাহমুদ।
তিনি জানান, তবে ফ্লাইট চালুর বিষয়টি সার্বিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট এয়ারলাইনসের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
এদিকে বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১১টি ফ্লাইট স্থগিত হয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৬৯টি।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এসব এয়ারলাইন্সের মোট ৭৭টি ট্রানজিট ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।



