স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারত্ব গভীরতর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্যে এ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরকালে প্রতিমন্ত্রী বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হবে।
সফরের শুরুতে, ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে প্রতিমন্ত্রী ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন। ‘দৃঢ়তর অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোটির উদ্যোক্তা হলো ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা।
স্পেন সফর শেষে, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২৯-৩০ অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন। যুক্তরাজ্যে তার কার্যক্রমের মূল কেন্দ্রবিন্দুতে থাকবে— বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রসার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্বের পরিধি বাড়ানো এবং বাংলাদেশের সৃজনশীল অর্থনীতি উন্নয়নের সুযোগ অন্বেষণ করা।
এ সফরগুলো ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকারেরই প্রতিফলন।



