সব কাজ ডাক বিভাগ করলে বেসরকারি খাত দাঁড়াবে না

শুক্রবার বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহান রিমি
ডাক বিভাগের ওপর এক সময় মানুষ আস্থা হারালেও বর্তমানে তা ফিরছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।
তিনি বলেছেন, ‘যুগের প্রয়োজনে এখন ডাকের গুরুত্ব পার্সেল পরিবহনে। তবে সব কাজ ডাক বিভাগ করলে বেসরকারি খাত দাঁড়াবে না।’
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁও এলাকার ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন তিনি।
এসময় ‘স্পিড পোস্ট’র মাধ্যমে মানুষ ডাক বিভাগের কাজ সম্পর্কে জানতে পারছে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় ই-কমার্স, লজিস্টিকস ও ডিজিটাল আর্থিক সেবার সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে ডাক বিভাগকে গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সভায় বক্তারা বলেছেন, ডাক বিভাগকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করা হচ্ছে।
এদিকে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ৯ থেকে ১৫ অক্টোবর দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর ছুটি থাকা সত্ত্বেও সঞ্চয় ব্যাংক ছাড়া ডাকঘরের অন্যান্য সেবা গ্রাহকদের জন্য চালু রাখা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।



