শিক্ষামন্ত্রী
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কাজ করছে সরকার

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ মঙ্গলবার টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘শিক্ষাখাতে জিডিপির দুই শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেট যথাযথভাবে কাজে লাগাতে হবে। বরাদ্দকৃত অর্থের যেন অপচয় না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রায় ২৭০০ কোটি টাকার ডিপিপি প্রণয়নের কাজ চলমান। এ প্রকল্পের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। শিক্ষামন্ত্রী তাদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।



