সুন্দরবনে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ
সংবাদ বিজ্ঞপ্তি

সংগৃহীত ছবি
সুন্দরবনের খুলনার কয়রা উপজেলার গোলখালীতে অভিযান চালিয়ে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা এসব আলামতের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা কোস্ট গার্ড স্টেশনের একটি দল গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় এসব হরিণের মাংস ও দেহাবশেষ জব্দ করা হয়।
পরে জব্দ করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



