আলজাজিরার প্রতিবেদন
হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ‘স্টান্টবাজি’

আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার এই উদ্যোগের পেছনে আসলেই দেশে ফেরার পরিকল্পনা, নাকি দলীয় কর্মীদের সক্রিয় রাখা এবং নিজের রাজনৈতিক প্রভাব ধরে রাখার কৌশল রয়েছে— তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেউ এই উদ্যোগকে ‘অবাস্তব’ ও রাজনৈতিক ‘স্টান্টবাজি’ আখ্যা দিয়েছেন। কেউ আবার এটিকে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য ইতিবাচক হিসাবে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন হাসিনা। ওই বছরের জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পর থেকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার আলোচনা চলছে। শেখ হাসিনা ইস্যুতে ভারত-বাংলাদেশ সম্পর্কেও চলছে টানাপড়েন।
এমন পরিস্থিতিতে চলতি বছর আগস্টে ভারতে বসেই শেখ হাসিনা ঘোষণা দেন ডিসেম্বরে দেশে ফেরার। আর চলতি সপ্তাহে নতুন পাসপোর্টের জন্য তার আবেদনের খবরও আসে। তবে বাংলাদেশ সরকার এরই মধ্যে হাসিনার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং তাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, তিনি যদি দেশে ফেরার ব্যাপারে আন্তরিক হন, তবে যেন ভারত থেকে প্রত্যর্পণের আবেদন করেন।
সেসব বিষয় নিয়ে গত মঙ্গলবার এক বিশ্লেষণী প্রতিবেদন করেছে আলজাজিরা। ওই প্রতিবেদন করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের’ সভাপতি জিল্লুর রহমান, সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানসহ পরিচয় প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে।
হুমায়ুন কবির আলজাজিরাকে বলেছেন, ‘যারা হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যায়, বাংলাদেশ সেই সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। সন্ত্রাসী হাসিনাকে খুঁজে বের করে হস্তান্তর করার জন্য ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের’ সভাপতি জিল্লুর রহমান মনে করেন, হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি অবিলম্বে দেশে ফেরার পরিকল্পনার চেয়ে আওয়ামী লীগের নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় রাখার কৌশল হতে পারে। তার ভাষ্য, ‘আমার মনে হয়, তিনি (হাসিনা) জানেন তার ভাগ্যে কী আছে। কিন্তু তিনি যা চান তা হলো— আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখা।’
এদিকে সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ আলজাজিরাকে জানিয়েছেন, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। একসময় ঢাকায় মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করা এই কূটনীতিক বলেছেন, “আমার মতে, দেশে তার ক্রমবর্ধমান অপ্রাসঙ্গিকতা নিয়ে তৈরি হওয়া আখ্যানকে অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে এবং সমর্থকদের উজ্জীবিত করার উদ্দেশ্যে। এসবই রাজনৈতিক ‘স্টান্টবাজি’।”
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানের মত তেমনটাই। তিনি আলজাজিরাকে বলেছেন, এই ঘোষণা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখে এবং দেশের পরিস্থিতি বোঝার সুযোগ করে দেয়। তার প্রকৃত প্রত্যাবর্তন অকল্পনীয় বলে মনে হচ্ছে, কারণ এর অর্থ হবে ফাঁসির মুখোমুখি হওয়া অথবা বাকি জীবন কারাগারে কাটানো।
অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্য হাসিনার ফেরার ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন। নাম প্রকাশ না করার শর্তে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সাংগঠনিক সম্পাদক আলজাজিরাকে বলেছেন, ‘আমাদের নেত্রী ফিরে আসবেন। তারা আগেও তাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তারা আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু তিনি এই ষড়যন্ত্রগুলো কাটিয়ে উঠে ফিরে আসবেন।’ তবে হাসিনা কীভাবে দেশে ফিরবেন এবং এজন্য দল কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে অনেক নেতাকর্মীরই স্পষ্ট ধারণা নেই।
আলজাজিরার প্রতিবেদনে শেখ হাসিনার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের সঙ্গে ভারতের হিসাবনিকাশও জড়িয়ে রয়েছে বলে দাবি করা হয়েছে। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে বিবেচনা করে। তবে তার ভারতে অবস্থানের বিষয়টি থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টিকে আলাদা করে দেখতে চায় নয়াদিল্লি। তিনি বললেন, ‘শেখ হাসিনা ভারতের একজন খুব ভালো বন্ধু। দিল্লি তাকে এমন একজন বন্ধু হিসেবে দেখে, যাকে তারা সবসময় সমর্থন করবে। এটাই আমাদের আনুষ্ঠানিক অবস্থান।’
প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বিএনপি সরকারের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা সম্ভব কি না, সে প্রশ্নও উঠেছে। তবে বিশ্লেষকরা এমন সম্ভাবনা খুব কম দেখছেন। ফয়েজ সোবহানের ভাষ্য, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপির লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। কারণ, আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৬ বছরের বেশি সময় ধরে বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিন কারাবন্দি, হয়রানি ও রাজনৈতিকভাবে কোণঠাসা থাকার অভিজ্ঞতা রয়েছে।




