১২ ফেব্রুয়ারি ভোটে বাধা দেবে না আবহাওয়া

সংগৃহীত ছবি
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক ও অনুকূলে থাকবে। কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় নির্বিঘ্নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার (পাঁচ দিন) পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের দিন সারা দেশে আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, ওই দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে ভোটগ্রহণের পুরো সময়জুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তাপমাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে, ১২ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস বলছে, নির্বাচনী প্রচারণার শেষ সময় থেকে ভোটের দিন পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
সিনপটিক পরিস্থিতি অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তবে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
ঢাকার আবহাওয়া সম্পর্কে জানানো হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
রবিবার সন্ধ্যায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪০ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী কয়েক দিনে রাত ও দিনের তাপমাত্রা আরো
বাড়তে পারে। ফলে ভোটের দিন শীতের প্রকোপ তুলনামূলক কম থাকবে বলে আশা করা হচ্ছে।



