শিক্ষামন্ত্রী
মানহীন প্রাইভেট বিশ্ববিদ্যালয় চিহ্নিত করে ব্যবস্থা

দেশে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সন্তোষজনক নয় উল্লেখ করে সেগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে হয় ‘ভাইস চ্যান্সেলরস ডায়ালগ: শেইপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত এই অনুষ্ঠানে এসব কথা বলেছেন শিক্ষামন্ত্রী।
‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর গুরুত্ব তুলে ধরে তিনি জানালেন, বিদেশে গিয়ে ভালো ফলাফল করছেন দেশের শিক্ষক-শিক্ষার্থীরা। গবেষণার ক্ষেত্রেও সাফল্য দেখাচ্ছেন তারা। বিদেশে থাকা এসব মেধাবী শিক্ষক-শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনে কাজে লাগাতে হবে তাদের মেধা ও দক্ষতা।
বাংলাদেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেছেন এহছানুল হক মিলন। পাশাপাশি বলছিলেন দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে অপচয় চিহ্নিত করে তা বন্ধ করার প্রয়োজনীয়তার কথাও।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম। ‘উচ্চশিক্ষা রূপান্তরে দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত দুই দিনব্যাপী এ সংলাপে অংশ নেন সরকারি ও বেসরকারি প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।






