গণভোটে ‘হ্যাঁ’র জয়, ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ

সংগৃহীত ছবি
গণভোটে বড় ব্যবধানে 'হ্যাঁ' জয়ের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগিয়ে গেল বাংলাদেশ। নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ‘হ্যাঁ’ - এর পক্ষে পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেয়া ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ দুপুরে এসব তথ্য জানান।
তিনি বলেন, 'তথ্যের বিভ্রাট যেন না হয়, সেই কারণে ফল প্রকাশে দেরি হলো।'
ইসি সচিব জানান, ২৯৭টা আসনের বেসরকারি ফলাফলে ভোটের হার ৫৯ দশমিক ৪৪ শতাংশ।
আনুষ্ঠানিক ফল ঘোষণার সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ বলেন , নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছে।
তিনি বলেন, 'সব শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।'
দেশের ৩০০ আসনের মধ্যে একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হয় শেরপুর-৩ আসনের ভোট। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি হিসাবে ২১২টিতে জয় পেয়ে সরকার গঠনের পথে আছে বিএনপি। ৭৬টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট।
এর মধ্যে চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফল স্থগিত থাকবে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই আসনগুলোর ফলাফল ঘোষণা করা হবে না।
ইসি সানাউল্লাহ বলেন, ‘ভোট সফল করতে কমিশনের শতভাগ চেষ্টা ছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতি হিসেবে বিশ্ব বাজারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশের মানুষ।’
ইসি সানাউল্লাহ বলেন, '১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি শুভ সকাল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নির্বাচন কমিশনের একটাই কমিটমেন্ট ছিল। সেটি হচ্ছে, নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই শতভাগ চেষ্টা করা হয়েছে।'
নির্বাচনটি কেবল সাংবিধানিক দায়িত্ব না, বরং পবিত্র আমানত হিসেবে কমিশন গ্রহণ করেছিল বলেও জানান ইসি।

