আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

সংগৃহীত ছবি
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ রবিবার (৯ আগস্ট)। রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায় ও সচেতনতা তৈরিতে আলোচনা সভা, গণসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে উদ্বোধন হয়েছে এই দিবসের। বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে অনুষ্ঠেয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য হলো- ‘আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন’। এর মাধ্যমে আদিবাসী ধাত্রীদের অবদান এবং তাদের ঐতিহ্যগত স্বাস্থ্য-জ্ঞানকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।
জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিবাসী অধিকারবিষয়ক ঘোষণাপত্র তাদের নিজস্ব সাংস্কৃতিক চর্চা ও প্রতিষ্ঠান বজায় রাখার অধিকারকে নিশ্চিত করে। এ ছাড়া, ২০২৬ সালের আন্তর্জাতিক আদিবাসী দিবসে আদিবাসীদের প্রথাগত ধাত্রীসেবার স্বীকৃতি প্রদান, বৈষম্য নিরসন এবং ঐতিহ্যগত স্বাস্থ্যসেবা ও জ্ঞানপদ্ধতি সুরক্ষায় সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিশ্বব্যাপী আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার নানা সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর ৯ আগস্ট এই দিবসটি পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করেছিল।
বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি শুধু সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের বিষয় নয়; বরং আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই দিবসের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।




