বাবার চোখের সামনেই গাড়িসহ ভেসে গেল মা ও দুই মেয়ে

সংগৃহীত ছবি
প্রকৃতি কখনো নির্মল, কখনো কঠোর। কখনো জোগায় প্রাণের সঞ্চার, কখনো কেড়ে নেয় প্রাণ। হড়কা বান, পাহাড় কিংবা ভূমিধস- মৃত্যুর মিছিলে কখনো শামিল হয় পরিবার, স্বজন, প্রিয়জন। এক করুণ ঘটনার সাক্ষী হলো ভারতের মহারাষ্ট্রের যাবতমল বিভাগ। নদীর পানিতে ভেসে গেল গাড়ি। তাতে ছিলেন এক মা ও তার দুই মেয়ে। সবাই প্রাণ হারিয়েছেন। তবে গাছের ডাল ধরে বেঁচে গেছেন বাবা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার উদ্ধার করা হয়েছে তাদের মরদেহ। গতকাল বৃহস্পতিবার পরিবারটি যাচ্ছিলেন আহিলইয়ানগর নামে একটি জেলায়। সেদিন ঘটে ভারী বৃষ্টিপাত। তাতেই ফুলেফেঁপে ওঠে সেখানকার কুপ্তি নদীটি। ডুবে যায় নদীতে থাকা সেতুটিও।
গাড়ির চালক আঁচ করতে পারেননি সেতুটি কতটা ডুবেছে। ঠাওর করতে পারেননি স্রোতের বেগও। গাড়িটি তুলে দেন ডুবন্ত সেতুতে। তখনই তীব্র স্রোত ও পানি বেশি থাকায় গাড়িটি ভেসে সেতু থেকে চলে যায় নদীর মাঝখানে।
ওই সময় অভিনাশ খান্দারে নামের ওই বাবা তাৎক্ষণিকভাবে একটি গাছের ডাল ধরে ফেলেন। কিন্তু গাড়িসহ ভেসে যায় তার দুই মেয়ে ও স্ত্রী। চেয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারেননি তিনি।
পুলিশ ঘটনা সম্পর্কে জানতে পেরে দ্রুত সেখানে যায়। ছুটে যান উদ্ধারকারীরাও। এরপর সারা রাত উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা হয় তাদের তিনজনের মরদেহ।






