‘হিরন্ময় হুমায়ুন’ শিরোনামে ফেনী সাহিত্য সভার পাঠচক্র অনুষ্ঠিত
- হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতা নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ছবি: আগামীর সময়
ফেনী সাহিত্য সভার উদ্যোগে পাঠচক্রের সপ্তম অধিবেশন শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকাল সাড়ে ৩টায় ফেনীর নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮ তম জন্মবার্ষিকী স্মরণে আয়োজিত এ অধিবেশনের শিরোনাম ছিল ‘হিরণ্ময় হুমায়ূন’।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গবেষক শাবিহ মাহমুদ। তিনি হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, কথাসাহিত্যে তার স্বতন্ত্র ভাষাশৈলী, চরিত্র নির্মাণ এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সহজ-সাবলীল ভাষায় মানুষের মনোজগৎ, জীবনবোধ ও সমকালীন বাস্তবতাকে তুলে ধরে হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে স্বতন্ত্র পাঠকসমাজ তৈরি করতে সক্ষম হয়েছেন। তার সাহিত্যকর্ম প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পাঠকের কাছে সমানভাবে সমাদৃত হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী সাহিত্য সভার সভাপতি কবি বকুল আকতার দরিয়া। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি শামীম পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন কবি শিরিন রহমান, কবি আব্দুল ওয়াদুদ, কবি মনজুর তাজিম, কবি কামাল মাহতাব, কবি নাজিম ভূঁইয়া, মো. সাহেদ সামসুদ্দিন, সোয়াইব, উত্তম অরণ, সুবোধ কাদির, রেজাউল করিম ও সেতুসহ ফেনীর সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।
আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে কবিতা পাঠের আয়োজন করা হয়। কবি ও সাহিত্যপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অধিবেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সাহিত্যপাঠ, মুক্তচিন্তা ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চার বিস্তারে নিয়মিত পাঠচক্র আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন ফেনী সাহিত্য সভার নেতারা।



