মাচার যত গুণাগুণ

সংগৃহীত ছবি
মাচা এখন শুধু একটি ট্রেন্ডি পানীয় নয়, বরং স্বাস্থ্যসচেতনদের কাছে একটি জনপ্রিয় পছন্দ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এর চাহিদা দিন দিন বাড়ছে। তবে জনপ্রিয়তার বাইরে, মাচার রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা।
মাচা মূলত একই উদ্ভিদ থেকে তৈরি, যেখান থেকে গ্রিন টি ও ব্ল্যাক টি পাওয়া যায়। তবে এর চাষ ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি ভিন্ন। সাধারণ চা গাছ রোদে চাষ হলেও মাচা চাষ করা হয় ছায়ায়। পরে পাতা সংগ্রহ করে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে গুঁড়া বানানো হয়। এই পদ্ধতির কারণে এতে ক্লোরোফিল ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে, যা সাধারণ গ্রিন টি থেকেও বেশি কার্যকর।
গবেষণায় দেখা গেছে, মাচায় ক্যাফেইন, থিয়ানিন, ক্যাটেচিন ও রুটিনসহ বিভিন্ন উপকারী বায়ো-অ্যাকটিভ উপাদান রয়েছে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে এবং প্রদাহ কমায়। এমনকি কিছু ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখতে পারে।
মাচা মস্তিষ্কের জন্যও উপকারী। এটি মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। ফলে যারা নিয়মিত মানসিক কাজ করেন, তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী হতে পারে।
এছাড়া মাচায় রয়েছে অ্যান্টি-ডায়াবেটিক গুণাগুণ। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি শরীরের অতিরিক্ত মেদ কমাতে ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
সকালে খালি পেটে বা নাস্তার সঙ্গে চা-কফির বিকল্প হিসেবে মাচা পান করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, এটি কোনো ওষুধ নয়। মাচায় ক্যাফেইন থাকায় অতিরিক্ত গ্রহণ করলে স্নায়বিক সমস্যা বা হজমের সমস্যা হতে পারে।
তাই নিয়ম মেনে ও পরিমিত পরিমাণে মাচা পান করলেই এর উপকারিতা সবচেয়ে ভালোভাবে পাওয়া সম্ভব।

