২৬ দিনে হাম ও উপসর্গে ১৬৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ২২৪১

ছবিঃ আগামীর সময়
দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মাত্র ২৬ দিনে হাম নিশ্চিত এবং এর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ জন শিশুর। এ সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু।
বুধবার (৮ এপ্রিল) এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে ১ জনসহ মোট মৃত্যু হয়েছে ৭ শিশুর।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে ২৩ জন এবং সন্দেহজনক লক্ষণে আরও ১৪৩ শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০।
পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগের অবস্থান। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ১৫০ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫০৪ রোগী।















