বিজ্ঞান কল্পকাহিনি
মহাকাশের নিঃসঙ্গতায়

পরিচিত পরিবেশ, মানুষ কিংবা নিজের অতীত— কোনোটির ওপরই যদি বিশ্বাস রাখা না যায়, তবে বেঁচে থাকার লড়াই কতটা ভয়ংকর হতে পারে? এমনই এক রহস্যময় পরিস্থিতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন হরর চলচ্চিত্র ‘অ্যাশ’। ফ্লাইং লোটাস পরিচালিত সিনেমাটি মহাকাশের নিঃসঙ্গতা, স্মৃতিভ্রংশ ও অবিশ্বাসের এক জটিল জগৎ তুলে ধরেছে।
দূরবর্তী গ্রহ ‘অ্যাশ’-এ মহাকাশ অভিযানে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন রিয়া অর্টিজ। জ্ঞান ফিরতেই তিনি আবিষ্কার করেন, তার দলের সদস্যরা সবাই নৃশংসভাবে নিহত হয়েছেন। পুরো দল নিশ্চিহ্ন, অথচ বেঁচে আছেন শুধু তিনি। কিন্তু কে ঘটিয়েছে এই হত্যাকাণ্ড? কেন তিনিই একমাত্র জীবিত?
মুক্তি: ২১ মার্চ ২০২৫ যুক্তরাষ্ট্রে মুক্তি পায়
পরিচালক: ফ্লাইং লোটাস (আসল নাম- স্টিভেন এলিসন)
প্রযোজনা প্রতিষ্ঠান: জিএফসি ফিল্মস, এক্সওয়াইজেড ফিল্মস ও ব্রেইন ফিডার ফিল্মস
কী ঘটেছিল, তার কোনো স্মৃতিই স্পষ্টভাবে মনে করতে পারেন না রিয়া। এমন পরিস্থিতিতে হাজির হন ব্রিয়ন নামের এক ব্যক্তি। তার দাবি, রিয়াকে উদ্ধার করতেই এসেছেন তিনি। কিন্তু এই অচেনা ব্যক্তিই কি তার একমাত্র ভরসা, নাকি বিপদের আরেক নাম? ব্রিয়নের প্রতিটি কথার আড়ালে জমতে থাকে নতুন সন্দেহ।
একসময় রিয়ার সামনে দাঁড়ায় আরও ভয়ংকর এক প্রশ্ন— যে হত্যাকাণ্ডের রহস্য তিনি উন্মোচন করতে চাইছেন, তার সঙ্গে কি জড়িয়ে আছে তার নিজেরই অতীত?
রিয়া চরিত্রে ইজা গনজালেজের অভিনয়ে ফুটে উঠেছে আতঙ্ক, সন্দেহ, মানসিক অস্থিরতা এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার প্রবল চেষ্টা। অন্যদিকে, ব্রিয়ন চরিত্রে অ্যারন পলের অভিনয় গল্পে অনিশ্চয়তা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যোগ করেছে।



