কসপেটের নতুন দুই স্মার্টওয়াচ বাজারে আনল মোশন ভিউ

‘ওআরবি ২’ ও ‘পাল্স ২’ স্মার্টওয়াচ। ছবি: কসপেট
রাগেড ও আউটডোর স্মার্টওয়াচ নির্মাতা ব্র্যান্ড কসপেটের দুটি নতুন স্মার্টওয়াচ ‘ওআরবি ২’ ও ‘পাল্স ২’ বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে দেশের ব্র্যান্ডটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মোশন ভিউ। ডিভাইস দুটির সঙ্গে ১২ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি দিচ্ছে প্রতিষ্ঠানটি।
মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান জানান যে, গ্রাহকদের কাছে বিশ্বমানের ও অথেনটিক প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। নতুন দুটি স্মার্টওয়াচ স্থায়িত্ব ও আধুনিক ফিচারের সমন্বয়ে প্রিমিয়াম ব্যবহার–অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি ওয়ারেন্টির মাধ্যমে নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।
অ্যাডভেঞ্চার ও আউটডোর ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি স্মার্টওয়াচ দুটিতে ডুয়াল-ব্যান্ড জিপিএস এবং জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বেইডু, কিউজেডএসএস ও নাভিক- এই ছয়টি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের সমর্থন রয়েছে। ফলে হাইকিং ও ট্রেকিংসহ বিভিন্ন আউটডোর কার্যক্রমে আরও নির্ভুল লোকেশন ট্র্যাকিং করা সম্ভব হবে।
স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য উভয় মডেলেই ৪পিডি হেলথ সেন্সর রয়েছে, যার মাধ্যমে হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা, ঘুম ও মানসিক চাপ পর্যবেক্ষণ করা যায়। এর পাশাপাশি ১৩টি প্রফেশনাল ও ১৬০টির বেশি ফ্রিস্টাইল স্পোর্টস মোড যুক্ত করা হয়েছে। নতুন এই সিরিজের উল্লেখযোগ্য ফিচারের মধ্যে বিল্ট-ইন ওয়াকি-টকি, পাঁচ ধাপের উজ্জ্বলতাসমৃদ্ধ এলইডি ফ্ল্যাশলাইট এবং ব্লুটুথ কলিং সুবিধা রয়েছে।
মোশন ভিউয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, “তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রেমী ব্যবহারকারীদের চাহিদা বিবেচনায় রেখেই এই সিরিজ বাজারে আনা হয়েছে।”
ডিজাইনের দিক থেকে ক্ল্যাসিক গোলাকার নকশার ‘ওআরবি ২’ মডেলে ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাধারণ ব্যবহারে ১৬ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। অন্যদিকে চারকোনা ডিজাইনের ‘পাল্স ২’ মডেলে ১ দশমিক ৯৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।
উভয় মডেলেই ৫ এটিএম ও আইপি৬৯কে রেটিং থাকায় পানি ও প্রতিকূল পরিবেশে ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করা হয়েছে।




