দশ বছরে মাইজিপি অ্যাপ, ব্যবহারকারী দুই কোটির বেশি

টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ থেকে বিবর্তিত হয়ে দেশের অন্যতম বড় ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হওয়া গ্রামীণফোনের ‘মাইজিপি’ অ্যাপটি তার কার্যক্রমের এক দশক পূর্ণ করেছে। ২০১৬ সালে চালুর পর থেকে দীর্ঘ ১০ বছরের পথপরিক্রমায় বর্তমানে অ্যাপটির সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। তাদের অফিসিয়াল পণ্য ও সেবার ৯৯ শতাংশই এখন এই একক প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের নাগালে পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, অ্যাপটিতে বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পার্সোনালাইজড অফার, ফ্লেক্সিপ্ল্যান, ক্যাশব্যাক ও জিপি স্টারসহ বিভিন্ন সুবিধা যুক্ত রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা শুধু মোবাইল সংযোগ ও ব্যালেন্স ব্যবস্থাপনাই নয়, বরং ডিজিটাল পেমেন্ট, ফিন্যান্সিয়াল সেবা এবং বিভিন্ন লাইফস্টাইল সুবিধা গ্রহণ করছেন।
যোগাযোগ ও সংযোগ ব্যবস্থাপনার বাইরেও অ্যাপটির কার্যক্রমে বেশ কিছু বৈচিত্র্য আনা হয়েছে। এর মধ্যে ‘লিঙ্কড অ্যাকাউন্ট’ এবং ‘ফ্যামিলি প্যাক’ ফিচারের মাধ্যমে পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট পরিচালনা করার সুযোগ রয়েছে। পাশাপাশি, বিনোদনমূলক কনটেন্ট হিসেবে সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬ স্ট্রিমিংয়ের পাশাপাশি নেটফ্লিক্স, হৈচৈ, চরকি ও আইটিউনসের মতো প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ও ভাউচার ক্রয়ের সুবিধা যুক্ত হয়েছে। এ ছাড়া দেশি ও বিদেশি মুদ্রায় আন্তর্জাতিক রোমিং চালু করা এবং নামাজ ও রোজার সময়সূচিসহ ‘ইবাদাহ’ সেবাও অ্যাপটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দশ বছর পূর্তি উপলক্ষে গ্রামীণফোন প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের জন্য কিছু বিশেষ অফার ঘোষণা করেছে। এর আওতায় নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০ জিবি পর্যন্ত ইন্টারনেট বোনাস এবং একটি আইফোন ১৭ প্রো জেতার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে অপারেটরটি।
প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও দশকপূর্তি নিয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম জানালেন, গত এক দশকে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই অ্যাপটিকে ক্রমাগত আপডেট করা হয়েছে। আগামী দিনেও ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সময়োপযোগী করতে প্রযুক্তির উদ্ভাবন অব্যাহত রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।




