পাখি ও পিঁপড়া ছানা
ইমরুল ইউসুফ

অলংকরণ করেছেন রজত
একটি পাখি দুটি পাখি
তিনটি পাখির ছানা
ছানাগুলো লুকিয়ে খেলে
কেউ করে না মানা।
একটি ছানা খেলতে গিয়ে
হোঁচট খেলো ডালে
আরেক ছানা উড়তে গিয়ে
ব্যথা পেলো গালে।
আরেক ছানা ভয়ে ভয়ে
যেই বাড়ালো মুখ
কামড়ে দিলো পিঁপড়া ছানা
পেলো ভীষণ দুখ।
তিনটি ছানা দিলো হানা
পিঁপড়া ছানার বাড়ি
বললো ডেকে পিঁপড়া ভায়া
তোমার সঙ্গে আড়ি।
কথা ছিলো সবাই মিলে
কাটিয়ে দিবো দিন
বন্ধু হয়ে থাকবো গাছে
আমরা ছানা তিন।
কিন্তু তুমি কামড়ে দিলে
কষ্ট পেলো বোন
বন্ধুর এমন আচরণে
করলো খারাপ মন।
বললো পিঁপড়া পাখির ডাকে
মিষ্টি সুবাস ছোটে
তাই তো আমি মিষ্টি খেতে
কামড় বসাই ঠোঁটে।



