বর্ণমালার মেয়ে
মো. সৈয়দুল ইসলাম

অলংকরণ করেছেন রজত
বর্ণ নিয়ে খেলা করে
পাশের বাড়ির আলো,
সকাল-সন্ধ্যা পড়তে বসে
পড়ায় খুবই ভালো।
বর্ণমালার মেয়ে বলে
সবাই চেনে তাকে,
মিষ্টি মিষ্টি কথা বলে
পড়ার ফাঁকে ফাঁকে।
ভাব-ভঙ্গিমায় ছড়া পড়ে
শুনতে লাগে ভালো,
দিকে দিকে মিষ্টি মেয়ে
ছড়ায় ছড়ার আলো।
গাইতে পারে গানও মধুর
কণ্ঠ তাহার সেই,
পাড়ায় পাড়ায় সাড়া জাগায়
কোনো জুড়ি নেই।



