বোকা ফড়িং
কাব্য কবির

অলংকরণ করেছেন রজত
গঙ্গাফড়িং পোকা খেয়ে
তিড়িং-বিড়িং নাচে,
ফড়িংয়ের নাচ দেখে শালিক
বসে ডালিম গাছে।
শালিক এসে বলে গেল
ভালোই নাচতে পারো,
প্রশংসাতে গঙ্গাফড়িং
নাচল জোরে আরও
নাচতে নাচতে খাদে পড়ে
ভাঙল যখন ঠ্যাং,
দুঃখ প্রকাশ করে তখন
এসে কোলাব্যাঙ।
ব্যাঙে বলে ঠ্যাংটা ভাঙল
কেমনে তোমার ভাই?
ফড়িং বলে প্রশংসাতে
আবেগ বাড়ল তাই।



