অবাক ইতিহাস
বিশ্বযুদ্ধে সুপারম্যান!

সুপারম্যান প্রথম কমিকসের পাতায় আবির্ভূত হয় ১৯৩০-এর দশকে। সারা দুনিয়া তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। এমন এক প্রেক্ষাপটে সুপারম্যান ধীরে ধীরে দেশপ্রেমের প্রতীক হয়ে ওঠে। একেবারে শুরুতে যদিও হিটলারের সেনাদের বিরুদ্ধে সরাসরি উপস্থাপন করা হয়নি। ১৯৩৯ সালে সুপারম্যানের এক কমিক সংখ্যায় সরাসরি নাৎসি সেনাদের পোশাক আর লোগো ব্যবহার করা হয়। পরে একটি বিশেষ কমিক স্ট্রিপে দেখানো হয় সুপারম্যান সরাসরি হিটলারকে ধরে এনে বিচারের মুখোমুখি করছে। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবার আক্রান্ত হওয়ার পর আমেরিকা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে। আর তখনই সুপারম্যান হয়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক অদৃশ্য যোদ্ধা। বলা হয়ে থাকে, সে সময় নাকি প্রায় অর্ধেক মার্কিন সেনা নিয়মিত কমিকস পড়ত। ১৯৪১ সালে সুপারম্যানের কমিকস এক কোটি কপি বিক্রি হয়েছিল। তবে একটি সংখ্যায় দেখানো হয়, সুপারম্যানের মুখোশে মূল চরিত্র ক্লার্ক কেন্ট সেনাবাহিনীতে যোগ দিতে গিয়ে চোখের পরীক্ষায় ফেল করে। আসলে লেখকরা বুঝেছিল, যদি সুপারম্যান সরাসরি যুদ্ধে যেত, তবে গল্পের বাস্তবতা নষ্ট হয়ে যেত। কারণ, সবাই জানত সে কয়েক মিনিটেই যুদ্ধ শেষ করে দিতে পারে। তাই তাকে রাখা হয় ‘হোম ফ্রন্টে’। যুদ্ধের এ সাংস্কৃতিক লড়াইয়ে সুপারম্যান একা ছিল না; ছিল ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা।



