কাশি হলেই সিরাপ নয়

‘কাশি হচ্ছে? একটা সিরাপ খেয়ে নাও!’ পরিবার, প্রতিবেশী কিংবা বন্ধু বা সহকর্মীর কাছ থেকে এমন পরামর্শ খুব পরিচিত। একটু কাশি শুরু হলেই আমরা ওষুধের দোকানে ছুটে যাই। কেউ সিরাপ কেনেন, কেউ অ্যান্টিবায়োটিক শুরু করেন, আবার কেউ পরিচিত কারও প্রেসক্রিপশন অনুসরণ করেন। কিন্তু কাশি হলে সত্যিই কি ওষুধ প্রয়োজন?
আসলে কাশি কোনো রোগ নয়; এটি শরীরের একটি প্রতিরক্ষামূলক প্রক্রিয়া। শ্বাসনালির ধুলাবালি, শ্লেষ্মা কিংবা জীবাণু বের করে দিতে শরীর কাশির সাহায্য নেয়। তাই কাশি হলেই সেটি থামিয়ে দেওয়ার চেষ্টা না করে এর কারণ বোঝা জরুরি।
তাহলে কাশি হলে প্রথমেই কী করবেন?
সাধারণ সর্দি-কাশিতে কিছু সহজ ঘরোয়া যত্ন স্বস্তি দিতে পারে।
মধু: রাতে এক চা চামচ মধু কাশির তীব্রতা কমাতে সাহায্য করতে পারে। সঙ্গে তুলসী পাতা। তবে এক বছরের কম বয়সী শিশুকে মধু দেওয়া যাবে না।
কুসুম গরম পানি: অল্প অল্প করে পান করলে গলার শুষ্কতা ও অস্বস্তি কমতে পারে।
লবণপানিতে গার্গল: এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে গার্গল করলে গলাব্যথা ও খুসখুসে ভাব কমতে পারে। ছোট শিশুদের জন্য এটি উপযুক্ত নয়।
গরম স্যুপ ও উষ্ণ পানীয়: স্যুপ বা আদা মেশানো হালকা গরম পানীয় গলায় আরাম দিতে পারে।
ধোঁয়া-ধুলাবালি এড়িয়ে চলুন: সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া ও ধুলাবালি কাশি বাড়াতে পারে। এগুলো এড়িয়ে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার অপরিহার্য।
ফুটন্ত পানির পাত্রে মুখ দিয়ে সরাসরি ভাপ নেবেন না। এতে বিশেষ করে শিশুদের শ্বাসনালি পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
কাশি দুই সপ্তাহ বা তার বেশি স্থায়ী হলে যক্ষ্মাসহ অন্যান্য রোগের আশঙ্কা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ নিন। কাশির সঙ্গে রক্ত আসা, শ্বাসকষ্ট, তীব্র বুকব্যথা বা গুরুতর অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যান্টিবায়োটিক। সাধারণ ভাইরাসজনিত সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক কাজ করে না। প্রয়োজন ছাড়া এসব ওষুধ গ্রহণের ফলে জীবাণু ওষুধ-প্রতিরোধী হয়ে উঠতে পারে। একে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR)। শিশুদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কাশির সিরাপ দেওয়াও ঝুঁকিপূর্ণ।
সমাধান কোথায়?
দেশে হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রের চেয়ে ওষুধের দোকান অনেক বেশি সহজলভ্য। ফলে অসুস্থ হলেই অনেকের প্রথম গন্তব্য হয়ে ওঠে সেই দোকান।
এসব দোকানে বেশিরভাগ সময় নিবন্ধিত ফার্মাসিস্ট থাকেন না। অনেক ক্ষেত্রে দোকান পরিচালনাকারীর পরামর্শেই চলে ওষুধ কেনাবেচা। তাই মানুষকে শুধু ওষুধ না খাওয়ার পরামর্শ দিলেই হবে না; ওষুধের দোকানগুলোকে জনস্বাস্থ্য সচেতনতার অংশীদার করতে হবে। দোকান পরিচালনাকারীদের প্রশিক্ষণ, নিবন্ধিত ফার্মাসিস্টের উপস্থিতি, দায়িত্বশীল ওষুধ বিক্রি এবং প্রয়োজন হলে রোগীকে চিকিৎসকের কাছে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
লেখক: এমবিবিএস, এমপিএইচ, বিসিএস (স্বাস্থ্য), মেডিকেল অফিসার সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল, সুনামগঞ্জ



