রক্তশূন্যতায় সতর্কতা জরুরি
ডা. সৈয়দ সানি উজ জামান

গ্রাফিকস: আগামীর সময়
শরীর দুর্বল লাগছে, একটু হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন, মুখ-চোখ ফ্যাকাশে দেখাচ্ছে— এসব উপসর্গকে আমরা প্রায়ই সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাই। অথচ এর পেছনে লুকিয়ে থাকতে পারে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া।
রক্তশূন্যতা মানে শরীরে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের ঘাটতি, ফলে অঙ্গপ্রত্যঙ্গে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। আমাদের দেশে এটি বিশেষত কিশোরী, গর্ভবতী মা ও শিশুদের মধ্যে দেখা যায়।
যেসব লক্ষণে সতর্ক হবেন
- অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
- মুখ, চোখের পাতা ও নখ ফ্যাকাশে হয়ে যাওয়া
- মাথা ঘোরা বা বুক ধড়ফড় করা
- সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট হওয়া
বেশিরভাগ ক্ষেত্রে এর মূল কারণ আয়রনের অভাব, যা খাদ্যাভ্যাস বদল করে অনেকটাই পূরণ করা সম্ভব।
যা করবেন
- কলিজা, মাংস, ডিম, কচুশাক ও সবুজ শাকসবজি বেশি খান
- ভিটামিন সি-যুক্ত ফল (আমলকী, লেবু, পেয়ারা) খেলে শরীরে আয়রন ভালো শোষিত হয়
- চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে আয়রন সাপ্লিমেন্ট নিন
- রক্তশূন্যতা অবহেলা করলে হৃদযন্ত্রের ওপর চাপ পড়ে। তাই দুর্বলতা দীর্ঘস্থায়ী হলে দেরি
না করে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম




