চোখের মেকআপ ব্যবহারে সতর্কতা

চোখের ত্বক আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ। মেকআপ চোখের সৌন্দর্য বাড়িয়ে তুললেও সামান্য অসাবধানতা বা ভুল অভ্যাসের কারণে চোখে গুরুতর ইনফেকশন, অ্যালার্জি ও দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে। তাই চোখকে আকর্ষণীয় করার পাশাপাশি চোখের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বিশেষ সতর্কতা মেনে চলা অত্যন্ত জরুরি।
মেকআপ ব্যবহারে সতর্কতা
· মানসম্পন্ন ও মেয়াদযুক্ত পণ্য ব্যবহার করুন
· মেকআপ শুরু করার আগে হাত ও মুখ ভালোভাবে ধুয়ে নিন। মেকআপ ব্রাশ ও স্পঞ্জ নিয়মিত পরিষ্কার বা পরিবর্তন করুন, কারণ এতে জীবাণু জমে থাকে
· অন্যের ব্যবহৃত কাজল, মাশকারা বা ব্রাশ ব্যবহার করবেন না এবং নিজেরটাও অন্যকে দেবেন না
· কন্ট্যাক্ট লেন্স পরার অভ্যাস থাকলে মেকআপ করার আগে লেন্স পরুন এবং মেকআপ তোলার আগে লেন্স খুলে নিন
· চোখের ভেতরের অংশে কাজল দেবেন না
· ঘুমানোর আগে অবশ্যই মেকআপ তুলে ঘুমান। ভালো ক্লিনজার দিয়ে পুরো মেকআপ পরিষ্কার করে নেওয়া ভালো
· আইল্যাশ ও আঠার ব্যবহারে সতর্ক থাকুন
· মেকআপ করার সময় শান্ত থাকুন। চলন্ত গাড়িতে বসে মেকআপ না করাই ভালো
· চোখে কোনো প্রকার লালচে ভাব, চুলকানি, পানি পড়া বা ইনফেকশন দেখা দিলে মেকআপ ব্যবহার বন্ধ করুন। কোনো মেকআপ পণ্য চোখের ভেতরে চলে গেলে দ্রুত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন
লেখক: মেডিকেল অফিসার বাংলাদেশ আই হসপিটাল, সাতমসজিদ রোড, ধানমন্ডি



