আখাউড়ায় বৃদ্ধ ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

হাসপাতালে ভুক্তভোগী (বাঁয়ে), ডানে অভিযুক্ত। ছবি: কোলাজ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ধর্ষণের শিকার হয়েছেন এক বয়স্ক ভিক্ষুক। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে বলে জানা গেছে।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে রিয়াজ আহমেদ।
স্থানীয় সূত্র জানায়, ওই বৃদ্ধার বাড়ি ময়মনসিংহ এলাকায়। তবে প্রায় ২০ বছর ধরে তিনি আখাউড়া উপজেলার ছতুরা শরীফ এলাকায় একটি বাড়িতে বসবাস করছিলেন। প্রতিদিন ভোরে ভিক্ষার উদ্দেশ্যে তিনি উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ও নার্সদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



