স্বাস্থ্য টিপস
হঠাৎ বুক ধড়ফড় কেন করে

গ্রাফিকস: আগামীর সময়
বুক ধড়ফড় করা বা হার্টবিট অস্বাভাবিক অনুভব করা অনেকের কাছেই ভয়ের কারণ। ডাক্তারি ভাষায় একে বলা হয় ‘প্যালপিটেশন’। এ সময় মনে হতে পারে, হৃৎপিণ্ড খুব দ্রুত, জোরে কিংবা অনিয়মিতভাবে স্পন্দিত হচ্ছে। এর পেছনে সাধারণ কিছু কারণ থাকতে পারে। যেমন—
মানসিক চাপ ও দুশ্চিন্তা: অতিরিক্ত উদ্বেগ, ভয় বা প্যানিক অ্যাটাক বুক ধড়ফড়ের প্রধান কারণ।
জীবনযাত্রা: অতিরিক্ত চা, কফি, ধূমপান, মদ্যপান বা এনার্জি ড্রিংকস গ্রহণে হৃৎস্পন্দন বাড়তে পারে।
শারীরিক সমস্যা: রক্তস্বল্পতা (অ্যানিমিয়া), থাইরয়েডের সমস্যা, পানিশূন্যতা বা রক্তে পটাশিয়াম ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হলে বুক ধড়ফড় করতে পারে।
হৃদরোগ: হৃৎপিণ্ডের তাল বা ছন্দের অস্বাভাবিকতা থেকেও এটি হতে পারে।
ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: অনেক সময় অ্যাজমা বা সর্দি-কাশির কিছু ওষুধ হৃৎস্পন্দন বাড়িয়ে দেয়।
করণীয়
- হঠাৎ বুক ধড়ফড় শুরু হলে আতঙ্কিত হবেন না, লম্বা ও গভীর শ্বাস নিন
- অতিরিক্ত চা, কফি বা এনার্জি ড্রিংকস এড়িয়ে চলুন
- যদি ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা জ্ঞান হারানোর মতো অবস্থা হয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
সাধারণত উদ্বেগের কারণে এটি হলে বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়। যদি এই সমস্যা বারবার হয়, তবে ইসিজি বা প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করিয়ে হৃৎপিণ্ডের অবস্থা নিশ্চিত করে নেওয়া জরুরি।
লেখক : সিনিয়র মেডিকেল অফিসার, আইওএম।



