জীবন হলো মোমের শিখা

ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন
প্রচ্ছদশিল্পী হিসেবে ধ্রুব এষ অনন্য। লেখক হিসেবেও খ্যাতিমান। বন্ধু ছিলেন আমীরুল ইসলাম, বুলবুল চৌধুরীর। হুমায়ূন আহমেদের বেশিরভাগ বইয়ের প্রচ্ছদ তার করা। তার সঙ্গে আলাপ করেছেন দেওয়ান আতিকুর রহমান ও রুদ্র আরিফ।
‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো’ আপনার লেখা গান। কোন বোধ থেকে এর জন্ম হয়েছিল?
গান কীভাবে লিখতে হয়, গানের অন্তরা, সঞ্চারী— এসবের কিছুই কি আমি বুঝি? এর আগে পল্টনে যে বাসায় থাকতাম, সেটির পুরনো ছাদে বিশাল আড্ডা হতো। অনেকেই আসতেন। ছাদে আড্ডা দিতে দিতে আমরা গান বানাতাম। প্রতিদিন নতুন গান বানানোর ইচ্ছা আমাদের ছিল। কত কিছু নিয়ে গান বানিয়েছি; বুলবুল চৌধুরী, হুমায়ূন আহমেদকে নিয়েও! তবে আমার লেখাগুলো গান হিসেবে লিখিনি। একদিন এমনই এক বিকালে বসে বসে একটি কাগজের মধ্যে আনমনে কিছু কথা লিখে কনককে (কনক আদিত্য) দিয়েছিলাম। সে সেটি ভাঁজ করে বাসায় নিয়ে গেছে। এর ছয়-সাত মাস পর ওর কণ্ঠে গানটি (‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো’) শুনতে পেলাম।
আপনি সব বয়সীর জন্য, প্রায় সব ধারাতেই বই লিখেছেন। লেখালেখির শুরু কীভাবে?
আমি আমার মতো করে কাজ করেছি। এখনো করে চলেছি। লেখালেখিকে স্রেফ একটি অনুশীলন হিসেবে নিয়েছি। আমার বইয়ের সংখ্যা শতাধিক হবে। ছোটদের গল্পের বই-ই তো মনে হয় ৬০টি পার হয়ে গেছে। তবে ধারা ভেবে লিখি না। আমার নিজের বোঝাপড়া আছে, কোন লেখা কীভাবে লিখব। অনেকের মতো আমারও লেখালেখির শুরু কবিতা দিয়ে। সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে সিক্সে পড়ার সময় স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা জমা দিয়ে প্রথম পুরস্কার পেয়ে গেলাম। নিয়ম অনুযায়ী আমাকে মঞ্চে গিয়ে কবিতাটি পড়তে হবে। কিন্তু আমি তো এর আগে মঞ্চে উঠিনি। স্কুলের বন্ধু ও স্যারদের সামনে দাঁড়িয়ে কবিতা পড়া— সে আমার জন্য ছিল ভীষণ ভয়ের ব্যাপার। কোনোরকমে পড়ে স্টেজ থেকে নেমে প্রতিজ্ঞা করলাম, জীবনে আর কোনোদিনই লেখালেখি করব না! অনেক দিন লিখিওনি। কিন্তু লেখালেখি বা যেকোনো সৃজনশীল কাজে কিছু বেহায়াপনা আছে। মঞ্চে উঠতে ভয় পাই বলে লিখব না নাকি? তাই কিছুদিন টুকটাক লিখলাম। এরপর আবার একেবারেই বাদ দিয়ে দিলাম। তারপর তো চারুকলায় ভর্তি হয়ে গেলাম আর আমাদের আড্ডাগুলো শুরু হলো।
আপনার আড্ডার সঙ্গী সদ্যপ্রয়াত শিশুসাহিত্যিক আমীরুল ইসলামের সঙ্গে পরিচয় কীভাবে?
আমি ঢাকায় এসেছি ১৯৮৫ সালের ডিসেম্বরে। ওই সময়েই পরিচয়। আমীরুল ভাই তখন ‘দৈনিক বাংলা’য় শিশু-কিশোরদের পাতা সম্পাদনা করেন। ওই সময়ে একই সঙ্গে অঞ্জন দত্ত, কবীর সুমনদের গান বের হয়েছে। প্রচুর শুনি আমরা। অঞ্জন দত্তের ছোটদের গান ‘ভ্যাংচি কেটে দেখ’ শুনে মনে হলো, এগুলো আমারও মনের কথা। তাই বহুদিন পরে আবার একটি কিশোর কবিতা লিখলাম। সেটি আমীরুল ভাইকে দেখালাম। তিনি মহা উচ্ছ্বসিত। আবার লেখালেখি শুরু করলাম। ততদিনে আমি জানি, লিখলে আমাকে তো আর মঞ্চে উঠতে হবে না; কাজেই লেখা যায়! আমি চারুকলা ছেড়েছি ১৯৯০ সালে। বড়দের গল্প লিখতে শুরু করেছি আরও পড়ে, ১৯৯৯-২০০০ সালের দিকে, যখন এলিফ্যান্ট রোডে থাকতাম। আমীরুল ভাই, বুলবুল ভাইদের সঙ্গেই বেশি সময় কাটিয়েছি আমি। সবচেয়ে বেশি কাটিয়েছি বুলবুল ভাইয়ের সঙ্গে।
তার সঙ্গে পরিচয় কীভাবে?
আমি বলি, বুলবুল ভাই হলেন আমার মা, বাপ, খালা, ফুফু, চাচা, পিসি— সব। বন্ধু তো অবশ্যই। আমার জীবনে তার প্রভাব সর্বোচ্চ। হাকিম (শেখ আবদুল হাকিম) ভাইয়ের বন্ধু ছিলেন তিনি। সে হিসেবেই পরিচয়। এর আগে ১৯৮৮ সালে আমি ‘রহস্য পত্রিকা’য় যোগ দিয়েছি। সেই সূত্রে হাকিম ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠতা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শাহনেওয়াজ ছাত্রাবাসের ৩ নম্বর রুমে থাকতাম। একদিন সেখানে বুলবুল ভাই হাজির— তার একটি বইয়ের প্রচ্ছদ করতে হবে। তখনো আমি তার ‘টুকা কাহিনী’ পড়িনি। এসে বললেন, বিদ্যাপ্রকাশ থেকে ‘পাপ পুণ্যি’ বইটি বের হবে। এর গল্প শোনালেন। প্রাচীন গল্পকথকদের মতো বুলবুল ভাই এত মোহময়! আর তার এত ভরাট কণ্ঠ, অদ্ভুত না? আমি মহামুগ্ধ হয়ে গল্পটি শুনলাম। তারপর আরেক দিন আসতে বললাম। তিনি এলেন। আসার পরে আমি তার বইয়ের প্রচ্ছদটি করলাম। ডাবল পেজ মিলে প্রচ্ছদ, একটি নারী ফিগার শুয়ে আছে, তার পায়ের কাছে চাঁদ। তিনি যেভাবে কথা বলেন, সেভাবেই বললেন, ‘ও মিয়া, কভার তো ভালোই হইছে; কিন্তু বেটির পায়ের কাছে চাঁদ দিলেন, বুঝলাম না।’ বললাম, ‘আপনি যে বেটির কথা লিখছেন, ওই বেটির তো পায়ের কাছেই থাকবে চাঁদ।’ বলার সঙ্গে সঙ্গে বুলবুল ভাই লাফ দিয়ে উঠলেন চেয়ার থেকে। বললেন, ‘যাইগা আমি।’ আমি পুরো হতভম্ব। বললাম, ‘কী হয়েছে আপনার?’ তিনি বললেন, ‘না, না, না... যে কথা কইছেন মিয়া, উপন্যাস বদলাইয়া ফালাইতে হইব। উপন্যাস হয়নি, এটি কিছু হয়নি।’
তারপর কী হলো?
তারপর আমরা বাইরে এলাম। আমাদের হোস্টেলের বাইরে রাস্তার পাশে পাইপ ছিল। পাইপের ওপর বসে থাকতাম। বুলবুল ভাই তো বয়সে আমার চেয়ে অনেক বড়। তিনি ওই পাইপে বসে আড্ডা শুরু করলেন। আমি এত বড় একজন মানুষের সঙ্গ পেলাম। ওই যে জুটলাম, আমাদের সম্পর্কটি আর ছিন্ন হয়নি। এখনো (তার মৃত্যুর পরও) ছিন্ন মনে করি না। কিছুদিন আগে আমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম, হারিস ভাই (ডা. হারিসুল হক) একদিন হাসতে হাসতে আমাকে বললেন, ‘মরলে কী হবে? মরলেই তো বুলবুল ভাইয়ের সঙ্গে আপনার দেখা হবে।’ আমি তাতেই খুশি— যাই, মরে একবার দেখি!
জীবনকে কীভাবে দেখেন?
জীবন হলো মোমের শিখা। আমি হার্ট অ্যাটাকের সময় অসুস্থ অবস্থায় জানলাম, ব্যাক না করতে পারলে জীবন শেষ। তবে এতে কোনো সন্দেহ নেই— জীবন হলো আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। মানবজীবন পাওয়ার চেয়ে সুন্দর আর কিছু নেই। জীবন সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা বা মনোভাব আমার নেই।
আমি হুমায়ূন আহমেদ আর কাজী আনোয়ার হোসেনের ব্যাপারে ঘোরগ্রস্ত ছিলাম। ১৯৮৮ সালে কাজীদার ‘রহস্য পত্রিকা’য় যোগ দিয়ে শেষ সংখ্যা পর্যন্ত কাজ করছি। অন্যদিকে, হুমায়ূন স্যারের সঙ্গে প্রথম কাজ শুরু হলো ‘১৯৭১’ মঞ্চনাটকের প্রচ্ছদ এঁকে
ছোটবেলা কেমন কেটেছে?
আমার জন্ম সুনামগঞ্জ শহরে, ১৯৬৭ সালে। বাবা ভূপতি রঞ্জন এষ, মা নীলা এষ। তারা এখন আর বেঁেচ নেই। আমরা চার ভাই। আমি সবার বড়। কোনো বোন নেই। ভাইয়েরা বাড়িতে একসঙ্গে আছে। বাড়িতে আমি এখন কম যাই। জার্নি করতে ভালো লাগে না; আগে তো ছুটি পেলেই দৌড় দিতাম। শৈশবে মুক্তিযুদ্ধ আমার ঝাপসা মনে আছে। আমরা যেদিন শরণার্থী হিসেবে পালাই, সেদিন নৌকায় চড়ে যাওয়ার সময় নদীতে খুব বড় ফোঁটার বৃষ্টি হয়েছিল। সেই দৃশ্য এখনো আমার চোখে লেগে আছে।
শরণার্থী হিসেবে কোথায় গিয়েছিলেন?
কোনো শরণার্থী শিবিরে যাইনি। আমার এক কাকা ছিলেন ভারতের আসামের শিংলাছড়া চা বাগানে। মুক্তিযুদ্ধের পুরো সময়টিই আমরা চা বাগানে ছিলাম। সেখানে আখক্ষেত, প্রচুর কাঠবিড়ালি আর শিয়াল ছিল— এগুলো মনে আছে। মুক্তিযুদ্ধের পর দেশে ফিরে স্কুলে ভর্তি হলাম। আমার প্রথম স্কুল রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর পাড়ে ছিল বলে লোকে বলত গাংপাড়ের স্কুল। ক্লাসরুমের জানালা দিয়ে সুরমা নদী দেখা যেত। অনেক দূরে নীল রঙের পাহাড়ও দেখা যেত। ওই স্কুলে পড়লাম টু পর্যন্ত। তারপর জুবিলী উচ্চবিদ্যালয়ে টেন পর্যন্ত পড়ে সুনামগঞ্জ সরকারি কলেজে পড়লাম দুই বছর। আমাদের সময় এসএসসির পর চারুকলায় ভর্তি হওয়া যেত। বাসায় বললাম, কিন্তু বাবা রাজি হলেন না। বাধ্য হয়ে কলেজে দুই বছর কাটালাম। রেজাল্ট খারাপ হলো। তখন বাড়ি থেকে বলে দিল, ‘ঠিক আছে, তাইলে তুই কোথায় যাবি, যা!’
চারুকলায় ভর্তির ভাবনাটি এসেছিল কীভাবে?
ছোটবেলা থেকেই ছবি আঁকতাম। ক্লাস এইটে পড়ার সময় নিশ্চিত হয়ে গেলাম, আমি চারুকলাতেই পড়ব। আরেকটি বিষয়ে নিশ্চিত হয়েছিলাম, আমি বইয়ের প্রচ্ছদ করব। ছোটবেলা থেকেই নিজের মতো করে প্রচুর বইপত্র পড়তাম। একবার ভারতীয় শিশু-কিশোর ম্যাগাজিন ‘আনন্দমেলা’য় একটি বিজ্ঞাপন ছাপা হলো— এখানে সত্যজিৎ রায়ের ‘অম্বর সেন অন্তর্ধান রহস্য’ ধারাবাহিকভাবে ছাপা হবে। বিজ্ঞাপনটি দেখে আমার কিশোর মন বলে উঠল, আমি বইয়ের প্রচ্ছদ ও অলংকরণের কাজগুলোই করব। বইয়ের প্রচ্ছদ করার জন্য চারুকলায় ভর্তি হয়েছি। নিজের সুবিধার জন্য বিষয় হিসেবে প্রিন্ট মেকিং বেছে নিয়েছি। তৃতীয় বর্ষে পড়তে পড়তে আমি রীতিমতো ব্যস্ত আাির্টস্ট। আমার প্রচ্ছদের কাজে প্রিন্ট মেকিং খুব সহায়তা করেছে।
পেশাগতভাবে প্রচ্ছদ আঁকা শুরু করলেন কবে?
আমার ক্ষেত্রে কাজটি শুরুই হয়েছে পেশাদািরভাবে। প্রথম প্রচ্ছদ করেছি মোশতাক আহমেদের ছড়ার বই ‘ছোটাছুটি’র। তিনি সিনিয়র ভাই, সে হিসেবেই কাজটি করে দিয়েছি। অনেক দিন ঘোরানোর পর সম্মানী পেয়েছিলাম ৫০ টাকা। তবে বাংলাবাজারের সঙ্গে যোগাযোগ করে প্রফেশনালি প্রথম কাজ হলো ইমদাদুল হক মিলন ভাইয়ের ‘সুন্দরী কমলা’। এটি সম্ভবত ১৯৮৮ সালের কথা। তার ‘সুন্দরী কমলা’ ও ‘মহাযুদ্ধ’ বই দুটির প্রচ্ছদ একসঙ্গে করেছিলাম।
হুমায়ূন আহমেদের সঙ্গে তো আপনার প্রচুর স্মৃতি।
হুমায়ূন স্যারের বইগুলোর প্রচ্ছদ সবসময় আলাদা। সম্ভবত ১৯৯০ সালে কেউ একজন আমাকে বললেন, হুমায়ূন আহমেদের কয়েকটি বইয়ের প্রচ্ছদ করতে হবে। প্রচ্ছদ তার পছন্দ না হলে বাতিল হয়ে যেত। আমি হুমায়ূন আহমেদ আর কাজী আনোয়ার হোসেনের ব্যাপারে ঘোরগ্রস্ত ছিলাম। কাজীদার সঙ্গে প্রচুর কাজ করারও কপাল আমার হয়েছে। ১৯৮৮ সালে তার ‘রহস্য পত্রিকা’য় যোগ দিয়ে শেষ সংখ্যা পর্যন্ত কাজ করছি। অন্যদিকে, হুমায়ূন স্যারের সঙ্গে প্রথম কাজ শুরু হলো ‘১৯৭১’ মঞ্চনাটকের প্রচ্ছদ এঁকে। এরপর কয়েক বছর গ্যাপ। আবার শুরু হলো ‘জনম জনম’ বইটি দিয়ে। সেটি রিপ্রিন্ট করা হয়েছিল। প্রথম প্রচ্ছদটি কাজী হাসান হাবিব করেছিলেন। ওই সময় তিনি আর বেঁচে নেই। এরপর টানা কাজ করেছি। তার বইয়ের বেশিরভাগ প্রচ্ছদই তো আমি করেছি। তিন শতাধিক হবে।
এ পর্যন্ত আনুমানিক কতগুলো প্রচ্ছদ করেছেন?
সেই হিসাব রাখিনি। কোনো ডকুমেন্টেশন নেই। ২০০৭ থেকে ধরলে প্রতি বছর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ প্রচ্ছদ করেছি। এর আগে কি আমি প্রচ্ছদ করিনি? করেছি। ওই সময় কত ছিল? বছরে ৬০০-৭০০। প্রচ্ছদ করার সময় বইটিকে প্রচ্ছদের সঙ্গে রিলেট করি। প্রচ্ছদটি কী? বইয়ের মলাট না? কোনো না কোনোভাবে বইয়ের প্রকাশটি থাকতে হবে প্রচ্ছদে।
এই অগুনতি প্রচ্ছদের মধ্যে কোনো একটি দেখলে আপনি কি মাঝেমধ্যে থতমত খেয়ে যান, যেটি আপনাকে এখনো ভাবায়?
বারবারই বলি, হুমায়ূন আহমেদের ‘ছায়াবীথি’। এটি হলো এসব কারিগরি মাধ্যমে আঁকার আগের সময়ের প্রচ্ছদ। আমি একেবারে নিজের মতো করে আমার প্রচ্ছদের জগৎ বানিয়েছি। আমার কাজে কোনো ব্যারিয়ার নেই। অফসেট আসার পর সুযোগ পেলাম চাররঙে যা ইচ্ছা তা-ই করার। মিলন ভাইয়ের ‘মহাযুদ্ধ’র প্রচ্ছদ করেছি কাগজ পুড়িয়ে। ছাপা হয়েছে সাত কালারে। কিন্তু ‘ছায়াবীথি’ এসেছে আরও পরে। তখন স্ক্যানার এসেছে। প্রসেসটি অারও উন্নত হয়েছে। সাংবাদিক আমান-উদ-দৌলা ভাই আমার খুব ঘনিষ্ঠ। আমি তখন এলিফ্যান্ট রোডে থাকতাম। একদিন সন্ধ্যার ঠিক আগে আমান ভাই এসে বললেন, ‘শাহবাগের ফুলের দোকানগুলোর কাছের বটগাছ থেকে পাতা পড়ছে, এগুলো তোমার জন্য নিয়ে এলাম। দেখি তুমি কী করো।’ আমি পাতা দিয়ে দুটি ফিগার বানালাম। তিনটি গাছ বানালাম। পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড দিলাম। এমনিই কাজটি করেছি; প্রচ্ছদ ভেবে নয়। আমান ভাই দেখে খুশি হলেন। কাজটি ফ্লোরে একপাশে ফেলে রাখা ছিল। তখন আমীরুল ভাই রেগুলার আসেন আমার বাসায়। তিনি বললেন, ‘এটা কী, দেখি?’ দেখে বললেন, ‘তুমি এটা ফেলে রেখেছ? এটা হুমায়ূন ভাইকে দেখালেই প্রচ্ছদ হয়ে যাবে!’ আমিও একটু ভরসা পেলাম। হুমায়ূন স্যারকে চিরকাল আমি নিজেই প্রচ্ছদ দেখিয়েছি। স্যার এটি দেখে হাতে নিয়ে বসে থাকলেন। এরপর কাগজে কিছু একটা লিখে দিয়ে বললেন, “এটি পার্লের (পার্ল পাবলিকেশন্স) নতুন বই হিসেবে আসবে, নাম ‘ছায়াবীথি’।” প্রচ্ছদটি গ্রাফিক্যালি খুব অদ্ভুত। ১৯৯৪ সালের ঘটনা।
বাঙালি কোন প্রচ্ছদশিল্পী আপনাকে অনুপ্রাণিত করেছেন?
পুর্ণেন্দু পত্রী, সত্যজিৎ রায়। তাদের ড্রইং, টাইপোগ্রাফি। তারা যেখানে হাত দিয়েছেন, সেগুলোই খুব ভালো হয়েছে। তাদের পরে যারা কাজ করেছেন, তাদের মধ্যে আমার সবচেয়ে পছন্দ সুব্রত চৌধুরী। তিনি সুপার। হিরণদার (হিরণ মিত্র) কাজও একেবারেই আলাদা ধরনের।
চলচ্চিত্রের প্রতিও আপনার আগ্রহ আছে। বুদ্ধদেব দাশগুপ্তের ‘উড়োজাহাজ’-এর পোস্টার ডিজাইন আপনি করেছেন।
বুদ্ধদেব দাশগুপ্ত তার ‘মন্দ মেয়ের উপাখ্যান’ (২০০২) নিয়ে এসেছিলেন ঢাকায়। জাতীয় জাদুঘরে শো ছিল। আমরা দেখতে গেলাম। কাইয়ুম (কাইয়ুম চৌধুরী) স্যারসহ বাংলাদেশের সব বড় বড় মানুষ এসেছিলেন। বুদ্ধদেব দাশগুপ্ত যে আছেন এখানে, আমরা জানতাম না। আমি আর টোকন (টোকন ঠাকুর) একসঙ্গে পেছনের দিকে বসে সিনেমাটি দেখেছিলাম। পরদিন কারওয়ান বাজারের লা ভিঞ্চি হোটেলে গিয়ে তার সঙ্গে দু-তিন ঘণ্টা আড্ডা দিলাম। তার কাছ থেকে একটি অদ্ভুত কথা শুনলাম। যে ‘চরাচর’-এর কথা ভাবলে আমার বুক টনটন করে, সেই চলচ্চিত্র বুদ্ধদেবদার মাথায় নাকি এসেছে আমাদের কাঁটাবনের সারি সারি পাখির দোকান দেখে! তিনি জানালেন, একদিন কাঁটাবনের ঢাল থেকে গাড়ি নিয়ে ওঠার সময় হঠাৎ সারি সারি পাখির দোকান দেখতে পেয়েছিলেন। প্রফুল্ল রায়ের গল্পটি তার মাথায় ছিল। ওই পাখির দোকান দেখে তার মাথায় পুরোপুরি ফিল্মটা এলো। এরপরও বুদ্ধদেবদা বাংলাদেশে এসেছিলেন কয়েকবার; কিন্তু দেখা হয়নি। তবে দেশে এলেই আমার খবর নিতেন। একদিন ভারতীয় কবি শংকর চক্রবর্তী আমাকে বললেন, ‘বুদ্ধদা তোমাকে খুঁজছেন। কীভাবে যোগাযোগ করবেন, জানেন না।’ তার কাছ থেকে নম্বর নিয়ে আমি ফোন করলাম। তিনি বললেন, “আমার ‘উড়োজাহাজ’ ফিল্মের ইন্টারন্যাশনাল পোস্টার তুমি যদি করে দাও ভাই, তাহলে খুবই খুশি হব।’ আমি বললাম, ‘দেব না মানে কী? আপনি স্টিল ছবি পাঠান।’ পোস্টার করলাম। দেখার পর তিনি মহাখুশি। তার শেষ প্রকাশিত কবিতার বই ‘ভূতেরা কোথায় থাকে’ তিনি আমীরুল ভাই ও আমাকে উৎসর্গ করেছেন।
আপনার ছবি অাঁকার জগৎ?
প্রচ্ছদের জন্য যা করি, সেটিই তো আমার অাঁকার জগৎ। এখন একটু একটু ছবি অাঁকতে ইচ্ছা করে। মাঝখানে খুব বৃষ্টি গেল না কয়েক দিন? তখন মনে হলো জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করি। আমি যদি কখনো পরিকল্পনামাফিক পেইন্টিং করি, তাহলে জীবনানন্দের পঙ্ক্তি বা তিনি যেভাবে আমাকে অনুপ্রাণিত করেন, সেগুলো নিয়ে করব। জীবনানন্দ, অ্যালান পো ও ভ্যান গঘের বিষয়ে আমার একেবারে অবসেশন আছে। আমার কাছে এই তিনজনকে একই মনে হয়।
(পুরানা পল্টন, ঢাকা;
৫ নভেম্বর ২০২৬)




