অভিজ্ঞতার আলো
চাই কৌতূহল, ধৈর্য এবং গভীরভাবে বিশ্লেষণের মানসিকতা

গ্রাফিকস: আগামীর সময়
তথ্য ও উপাত্তনির্ভর এই সময়ে নীতি প্রণয়ন, সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে গবেষণার গুরুত্ব ক্রমে বাড়ছে। সরকারি প্রতিষ্ঠান, থিংকট্যাংক, উন্নয়ন সংস্থা, বাজার গবেষণা প্রতিষ্ঠান ও করপোরেট খাতে গবেষকদের কাজের সুযোগ তৈরি হচ্ছে। গবেষকের কাজ শুধু তথ্য সংগ্রহ নয়; বরং সমস্যার কারণ অনুসন্ধান, উপাত্ত বিশ্লেষণ এবং বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করা।
অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান, পরিসংখ্যান ও জনস্বাস্থ্যের শিক্ষার্থীদের পাশাপাশি বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীরাও গবেষণায় ক্যারিয়ার গড়তে পারেন। ভালো সিজিপিএ সহায়ক হলেও বিশ্লেষণী দক্ষতা, লেখার সক্ষমতা, কাজের মানসিকতা ও গবেষণার অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবনেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ ইন্টার্ন হিসেবে কাজ করলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, লিটারেচার রিভিউ ও গবেষণার বাস্তব প্রক্রিয়া শেখার সুযোগ তৈরি হয়।
একজন গবেষকের জন্য এসপিএসএস, স্টাটা, আর, পাইথন বা এনভিভোর মতো সফটওয়্যার জানা, পাশাপাশি ভালো রিপোর্ট লেখা ও যোগাযোগের দক্ষতা গুরুত্বপূর্ণ। নিয়মিত পড়াশোনা, দেশ-বিদেশের নীতি পরিবর্তন পর্যবেক্ষণ এবং অভিজ্ঞ গবেষকদের কাজ থেকে শেখার অভ্যাসও এই পেশায় এগিয়ে যেতে সহায়তা করে। গবেষণায় সফলতার জন্য কৌতূহল, ধৈর্য এবং গভীরভাবে বিশ্লেষণ করার মানসিকতা এ পেশায় এগিয়ে রাখে।
লেখক: প্রোগ্রাম ম্যানেজার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ







