অভিজ্ঞতার আলো
এগিয়ে থাকতে হলে প্রযুক্তিতে দক্ষ হতে হবে

বাংলাদেশে বাংলা বিভাগের শিক্ষার্থীদের আরও এগিয়ে থাকার সুযোগ ছিল; কিন্তু সেটি সম্ভব হয়নি অনেক কারণে। যেমন বিশ্ববিদ্যালয়গুলোয় বাংলা বিষয়ের সিলেবাস সত্যিকার অর্থে সময় ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে রূপান্তর করা সম্ভব হয়নি। আবার, সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ বাস্তবায়নেও সরকারিভাবে সত্যিকার উদ্যোগ বা পরিকল্পনা দেখা যায় না। বিভিন্ন বিভাগে বাংলাকে সহায়ক কোর্স হিসেবে পড়ানো হয়; কিন্তু সেটিও বাস্তবক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো কাজে আসে না। আবার প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার যোগ্যতা বাড়ানোর জন্য সরকারিভাবে কাজ চলছে। সেখানেও বাংলার শিক্ষার্থীরা আলাদাভাবে জায়গা করে নিতে পারছেন না; কারণ গ্র্যাজুয়েশন করেও তাদের প্রয়োজনীয় দক্ষতা অর্জিত হচ্ছে না।
প্রকাশনা সংস্থা, মিডিয়া এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেই বাস্তব প্রয়োজন বুঝে সিলেবাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে হবে। প্রুফ রিডিং, ভাষা সম্পাদনা, সারসংক্ষেপ তৈরি, ব্যাখ্যা-বিশ্লেষণ, প্রতিবেদন লিখন, সাক্ষাৎকার গ্রহণ, স্ক্রিপ্ট রচনা, অনুবাদ, তথ্য সংগ্রহ ও বিবরণ লেখা, মূল্যায়ন ও যুক্তি প্রদান, আলোচনা-সমালোচনা ইত্যাদি বিষয়ে সিলেবাসে বিশেষভাবে নজর দিতে হবে। তাহলে ভবিষ্যতে প্রতিটি প্রতিষ্ঠানেই বাংলায় দক্ষ শিক্ষার্থীদের চাহিদা বাড়বে।
এমনকি সাম্প্রতিক সময়ে কনটেন্ট লেখা, অনুবাদ, সম্পাদনা ইত্যাদি কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে করছে, তাতে মানুষের কাজকে সহজ করে দিয়েছে; কিন্তু শেষ পর্যন্ত এখনো ব্যক্তিমানুষের চূড়ান্ত নজরদারি বা স্পর্শের প্রয়োজন রয়েছে। তা ছাড়া মৌলিক ও সৃজনশীল লেখালেখিতে মানুষের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ এখনো রয়েছে।
বর্তমান চাকরির বাজারে বাংলার শিক্ষার্থী এগিয়ে থাকার জন্য কিছু পদক্ষেপ নিজ উদ্যোগে নিতে পারেন। যেমন তাকে প্রযুক্তিদক্ষ হয়ে উঠতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ভাষাগত প্রয়োজন খেয়াল রেখে নিজেকে তৈরি করতে হবে। ভাষাবিষয়ক দক্ষতাকে নিজের পরিচিতি বা জীবনবৃত্তান্তে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।






