বাংলাদেশের নামে নতুন ব্যাকটেরিয়া

গবেষণাগারের অণুজীবের নমুনা পরীক্ষা করছেন ড. মেহেদী হাসান রুবেল; পাশে গবেষক দলের সদস্যরা
ধান বিবর্ণ হওয়ার জন্য দায়ী সম্পূর্ণ নতুন এক প্রজাতির ব্যাকটেরিয়া শনাক্ত করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এই আবিষ্কারের গল্প লিখেছেন ইমরানুর রহমান
এই গল্পের শুরু ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী তখন স্নাতক শেষ বর্ষের থিসিসের বিষয় খুঁজছিলেন। তার তত্ত্বাবধায়ক ছিলেন বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান রুবেল। সে সময় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ধান বিবর্ণ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে গবেষণার পরামর্শ দেন ড. রুবেল। সে সূত্রেই রাজশাহীর তানোর উপজেলা থেকে আক্রান্ত ধানের নমুনা সংগ্রহ করেন অর্ণব। গবেষণাটির শুরু হয়।
গবেষক দলের ধারণা ছিল, ধানের এই রোগের জন্য দায়ী বার্কহোল্ডেরিয়া ধরনের কোনো ব্যাকটেরিয়া। নমুনা থেকে ব্যাকটেরিয়া আলাদা করে সাতটি সন্দেহভাজন কলোনি শনাক্ত করেন তারা। এরপর প্যাথোজেনিসিটি পরীক্ষা চালিয়ে এমন দুটি ব্যাকটেরিয়া পাওয়া যায়, যেগুলো সুস্থ ধানে প্রয়োগ করলে মাঠের আক্রান্ত ধানের মতোই রোগের লক্ষণ তৈরি করতে পারে। কিন্তু ব্যাকটেরিয়া দুটির আংশিক জিনগত বিশ্লেষণের ফল আসার পর বদলে যায় গবেষণার গতিপথ। দেখা যায়, এগুলো বার্কহোল্ডেরিয়া নয়; বরং প্যান্টোইয়া ধরনের ব্যাকটেরিয়া। আরও বিস্ময়কর বিষয় হলো, পরবর্তী গবেষণায় এর মধ্যে একটি সম্পূর্ণ নতুন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়। এই পর্যায়ে অর্ণবকে সহযোগিতা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক অংকন দত্ত। গবেষণায় যুক্ত ছিলেন নোবিপ্রবির কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. পীযূস কান্তি ঝাঁ।
আংশিক বিশ্লেষণ থেকে পূর্ণাঙ্গ আবিষ্কার
স্নাতকের থিসিস শেষ হলেও অর্ণবের আগ্রহ থামেনি। তত্ত্বাবধায়ক ড. মেহেদী হাসান রুবেলের উৎসাহে গবেষণাটি আরও গভীরভাবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবার যুক্ত হন ডিএনএ সলিউশন লিমিটেডের গবেষক মাকসুদুর রহমান নায়েম ও নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান। তাদের সহযোগিতায় ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং বা পূর্ণাঙ্গ জিনগত নকশা বিশ্লেষণ করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, এটি আগে পরিচিত কোনো প্রজাতি নয়। নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম দেওয়া হয় Pantoea bangladeshensis NSTU24। বাংলাদেশের নাম অনুসারে প্রজাতিটির নামকরণ করা হয়েছে। গবেষণার পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ জিনোমিক দিকনির্দেশনা দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইবিজিই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম।
আন্তর্জাতিক ব্যাকটেরিয়াল নামকরণবিধি (আইসিএনপি) অনুযায়ী, নতুন প্রজাতির নমুনা বিশ্বের অন্তত দুটি স্বীকৃত কালচার কালেকশন সেন্টারে সংরক্ষণ করতে হয়। এজন্য গবেষক দলকে ব্যাকটেরিয়াটির নমুনা পাঠাতে হয় নিউজিল্যান্ডের আইসিএমপি ও বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি কালচার কালেকশনে। সেখানে এটি টাইপ স্ট্রেইন হিসেবে সংরক্ষিত হয়। নমুনা বিদেশে পাঠানোর দীর্ঘ প্রক্রিয়ায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের সহযোগিতায় প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করেন গবেষকরা। একাধিকবার সংশোধন ও পর্যালোচনার মধ্য দিয়ে গবেষণাপত্রটি প্রকাশের জন্য প্রস্তুত হয়। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশ পায় এটি। লেখায় সহযোগিতা করেন নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান।
এতদিন ধান বিবর্ণ হওয়ার পেছনে কোন জীবাণু কাজ করছে, তা সুনির্দিষ্টভাবে জানা ছিল না। নতুন এই গবেষণার মাধ্যমে রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়াটি শনাক্ত করা সম্ভব হয়েছে
কেন গুরুত্বপূর্ণ এই আবিষ্কার
নতুন ব্যাকটেরিয়া শনাক্ত হওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে গবেষণার তত্ত্বাবধায়ক ড. মেহেদী হাসান রুবেল বললেন, অন্য প্যান্টোইয়া প্রজাতির সঙ্গে এই ব্যাকটেরিয়ার পার্থক্য এর জিনগত গঠন ও রোগ সৃষ্টির সক্ষমতায়। সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং এবং OrthoANI ও dDDH পদ্ধতিতে তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, এর জিনগত বৈশিষ্ট্য আগে পরিচিত প্রজাতিগুলোর সঙ্গে মেলে না। তার মতে, এতদিন ধান বিবর্ণ হওয়ার পেছনে কোন জীবাণু কাজ করছে, তা সুনির্দিষ্টভাবে জানা ছিল না। নতুন এই গবেষণার মাধ্যমে রোগটির জন্য দায়ী ব্যাকটেরিয়াটি শনাক্ত করা সম্ভব হয়েছে। এর ফলে ভবিষ্যতে এই ব্যাকটেরিয়ার জিনোমিক তথ্য ব্যবহার করে রোগপ্রতিরোধী ধানের জাত উদ্ভাবনের গবেষণা এগিয়ে নেওয়া যাবে। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিকের ওপর নির্ভরতা কমাতে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কার্যকর বায়োপেস্টিসাইড তৈরির পথও খুলতে পারে। গবেষকরা জানিয়েছেন, রোগের জীবাণু শনাক্ত করার মাধ্যমে প্রতিরোধ ও প্রতিকারের গবেষণার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি হয়েছে।
অর্থ সংকটের মধ্যেও গবেষণা
গবেষণাটির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুবার প্রস্তাবনা জমা দেওয়া হলেও অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ছাড়াই নিজেদের অর্থে কাজ শুরু করেন গবেষকরা। গবেষণাপত্র প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির একজন গবেষক তাদের পাণ্ডুলিপি পর্যালোচনা, সম্পাদনা ও লেখার মানোন্নয়নে সহায়তা করেন। ড. রুবেল জানালেন, আন্তর্জাতিক মানের সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশের জন্য গবেষণার পাশাপাশি লেখার মানও গুরুত্বপূর্ণ। অর্থের অভাবে পেশাদার সম্পাদনা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া সম্ভব ছিল না। এ অবস্থায় কেটিএইচের গবেষকের সহযোগিতা তাদের জন্য বিশেষভাবে কাজে দিয়েছে।
কৃষিতে জিনোমভিত্তিক নজরদারির প্রয়োজন
এই গবেষণা বাংলাদেশের কৃষিতে জিনোমভিত্তিক নজরদারির প্রয়োজনীয়তাও সামনে এনেছে। ড. রুবেল বললেন, ‘জিনোম বিশ্লেষণে দেখা যায়, এটি সম্পূর্ণ নতুন একটি প্যান্টোইয়া প্রজাতি। প্রচলিত পরীক্ষার ওপর নির্ভর করলে জীবাণুটির প্রকৃত পরিচয় অজানাই থেকে যেতে পারত।’ তার মতে, ফসলের মাঠে নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সেজন্য দায়ী জীবাণুর জিনগত পরিবর্তন এবং প্রকৃত বৈশিষ্ট্য শনাক্ত করা জরুরি। জিনোমভিত্তিক নজরদারি থাকলে রোগ ছড়ানোর আগেই জীবাণু শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।



