উৎসবে অমৃতযোগ

মডেল: কানিজ ফাতেমা তাজিন; রেসিপি: নাজিয়া ফারহানা; কৃতজ্ঞতা: দি একাডেমি অব কালিনারি অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট; ছবি: সাজ্জাদ হোসেন
পূজার দিনে মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরির পাশাপাশি চলে জম্পেশ উদরপূর্তি! ‘অপূর্বা’র গত সংখ্যায় ছাপা হয়েছিল সাত্ত্বিক আহারের তিনটি পদের রেসিপি। এবার রইল মাছ, মাংস আর মিষ্টান্নের সুস্বাদু ছয় পদ। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
দই কাতলা
উপকরণ: কাতলা মাছ ৪ টুকরা, টক দই আধা কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ এবং হলুদ, মরিচ ও জিরার গুঁড়া, গরম মসলা, সরিষার তেল ও লবণ পরিমাণমতো।
প্রণালি: প্রথমে হলুদ ও লবণ মাখিয়ে মাছ ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, আদা-রসুন ও মসলা কষিয়ে ফেটানো দই দিতে হবে। তারপর তাতে সামান্য পানি দিয়ে মাছ যোগ করে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। সবশেষে গরম মসলা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিন।
ক্ষীরমোহন
উপকরণ: ছানা ২৫০ গ্রাম, চিনি ১ কাপ, দুধ ১ লিটার, এলাচ ২টি, সুজি ১ চা চামচ, ঘি ১ চা চামচ এবং পানি পরিমাণমতো।
প্রণালি: প্রথমে ছানা ভালোভাবে মেখে সুজি দিয়ে মসৃণ ডো তৈরি করুন। এবার ছোট ছোট গোল বা লম্বাটে মিষ্টির আকার দিন। একটি পাত্রে পানি ও চিনি ফুটিয়ে পাতলা সিরা তৈরি করুন। তাতে ছানার মিষ্টিগুলো দিয়ে ১৫-২০ মিনিট ঢেকে রান্না করতে হবে। এবার অন্য পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এলাচ দিয়ে তাতে সুগন্ধ আনুন। এরপর ছানার মিষ্টিগুলো সিরা থেকে তুলে ঘন দুধে দিয়ে আরও ৫ থেকে ১০ মিনিট অল্প আঁচে রান্না করুন। ঠান্ডা হলে ফ্রিজে রাখুন।
মাটন কালিয়া
উপকরণ: খাসির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ ২ কাপ, টক দই আধা কাপ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ এবং হলুদ, মরিচ, জিরা ও ধনে গুঁড়া, গরম মসলা, তেজপাতা, দারুচিনি, এলাচ, তেল ও লবণ পরিমাণমতো।
প্রণালি: মাংসে দই, আদা-রসুন, লবণ ও মসলা মেখে ৩০ মিনিট রেখে দিন। এবার কড়াইতে তেল দিয়ে গোটা গরম মসলা ও পেঁয়াজ ভেজে মাংস কষিয়ে নিন। সবশেষে গরম পানি দিয়ে ঢেকে মাংস নরম এবং ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করুন।
সরষে মুরগি
উপকরণ: মুরগির মাংস ৫০০ গ্রাম, সরষে বাটা ৩ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি এবং হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল ও লবণ পরিমাণমতো।
প্রণালি: মাংসে দই, হলুদ, মরিচ ও লবণ মাখিয়ে ২০ মিনিট রাখুন। এবার সরিষার তেলে মাংস কষিয়ে সরিষা বাটা ও সামান্য পানি দিন। তারপর কাঁচা মরিচ দিয়ে ঢেকে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। মাংস পুরোপুরি সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিন।
তিলের নাড়ু
উপকরণ: সাদা তিল ১ কাপ, আখের গুড় পৌনে ১ কাপ এবং পানি ১ থেকে ২ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে শুকনো কড়াইয়ে তিল ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন। এবার পানি দিয়ে গুড় জ্বাল করে ঘন পাক তৈরি করুন। সবশেষে তিল মিশিয়ে হালকা ঠান্ডা হলে হাতে অল্প ঘি মেখে বানিয়ে ফেলুন গোল নাড়ু।মতিচুরের লাড্ডু
উপকরণ: বেসন ১ কাপ, পানি পরিমাণমতো, চিনি ১ কাপ, পানি আধা কাপ, এলাচ গুঁড়া সিকি চা চামচ, ঘি ১ চা চামচ, তেল বা ঘি (ভাজার জন্য) পরিমাণমতো এবং কমলা ফুড কালার (ঐচ্ছিক) পরিমাণমতো।
প্রণালি: প্রথমে বেসন ও পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। এবার ছিদ্রযুক্ত ঝাঁজরির সাহায্যে গরম তেলে ছোট বুন্দি ভেজে নিন। এরপর চিনি ও পানি দিয়ে সিরা তৈরি করে বুন্দি, এলাচ ও ঘি মেশাতে হবে। চাইলে ফুড কালার যোগ করতে পারেন। সবশেষে ১০ মিনিট ঢেকে রেখে মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থায় গোল লাড্ডু তৈরি করুন।










