কেরালার ধর্মীয় অনুষ্ঠানের ভিডিওকে বাংলাদেশে ‘মৌলবির থুতু দেওয়া পানি’ বলে অপপ্রচার

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়- বাংলাদেশে মানুষ লাইনে দাঁড়িয়ে একজন মৌলবির কাছ থেকে থুতু দেওয়া পানির বোতল নিচ্ছেন। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এই দাবিটি সঠিক নয়।
যাচাইয়ে জানা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়; এটি ভারতের কেরালার একটি ধর্মীয় সমাবেশের দৃশ্য। ভিডিওতে থাকা ব্যক্তি নুরুসসাদাত বায়ার থাঙ্গাল, যিনি কেরালার একজন ইসলামিক বক্তা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার বক্তব্য ও দোয়ার ভিডিও পাওয়া যায়।
রিভার্স ইমেজ সার্চে একই ভিডিও টিকটকে ২০২৩ সালের নভেম্বরে প্রকাশিত পাওয়া যায়, যেখানে কেরালা ও ভারতের উল্লেখ রয়েছে। এছাড়া ইউটিউবেও সংশ্লিষ্ট ব্যক্তির মালায়ালাম ভাষায় দোয়া করার ভিডিও পাওয়া গেছে।
মূল ভিডিওতে দেখা যায়, অনুসারীরা পানির বোতল এগিয়ে দিলে তিনি তাতে ফুঁ দিচ্ছেন- যা ধর্মীয় প্রার্থনার অংশ হিসেবে করা হয়। তবে এটিকে বিকৃতভাবে উপস্থাপন করে ‘থুতু দেওয়া পানি’ দাবি করা হয়েছে এবং ঘটনাস্থল হিসেবে বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে- এই দাবি মিথ্যা। ভিডিওটি ভারতের কেরালার এবং ভিন্ন প্রেক্ষাপটের একটি ধর্মীয় অনুষ্ঠানের দৃশ্য।

