আমজনগণ পার্টির মিছিলকে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি দাবি করে প্রচার

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি ‘হঠাৎ রাজধানীতে মশাল মিছিল, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের- লাইভটি শেয়ার করুন’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের কোনো মশাল মিছিলের নয়। প্রকৃতপক্ষে, এটি গত ২৯ জানুয়ারি রাজধানীর পল্টনে বাংলাদেশ আমজনগণ পার্টির একটি মশাল মিছিলের দৃশ্য।
ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে ‘গ্লোবাল টিভি বাংলাদেশ’-এর ফেসবুক পেজে একই দিনের একটি লাইভ সম্প্রচার পাওয়া যায়, যার শিরোনাম ছিল ‘আমজনগণ পার্টির মশাল মিছিলে উত্তাল পল্টন’।
আলোচিত ভিডিওটির সঙ্গে ওই লাইভের দৃশ্য হুবহু মিল পাওয়া যায়, যা থেকে নিশ্চিত হওয়া যায়- সাম্প্রতিক দাবিতে ছড়ানো ভিডিওটি আসলে ওই লাইভ থেকেই নেওয়া।
গ্লোবাল টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের কাছে দলীয় নিবন্ধন সনদ হস্তান্তরে গড়িমসি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে এর প্রতিবাদে আমজনগণ পার্টি ওই মশাল মিছিল করে। দলটি পূর্বে নিবন্ধনের জন্য আবেদন করলেও চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তারা এ কর্মসূচি পালন করে।
এছাড়া, মিছিলের ব্যানারেও একই দাবির উল্লেখ দেখা যায়- যেখানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গড়িমসির প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও একই ঘটনার একাধিক ভিডিও ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সবকিছু মিলিয়ে নিশ্চিত হওয়া যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই এবং এটি তাদের সাম্প্রতিক কোনো কর্মসূচির দৃশ্যও নয়।
সুতরাং, পল্টনে বাংলাদেশ আমজনগণ পার্টির পুরোনো মশাল মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবি করে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।

