ভারতের ভিডিওকে বিএনপি নেতার মারধরের ঘটনা দাবি করে ভুয়া প্রচার

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগমাধ্যমে “বাড়িতে ঢুকে আওয়ামী যুব নেত্রীকে পেটাচ্ছে বিএনপির নেতা” দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
তবে যাচাইয়ে দেখা যায়, প্রচারিত দাবিটি সঠিক নয়।
আলোচ্য ভিডিওটি বাংলাদেশের কোনো রাজনৈতিক ঘটনার নয়; বরং এটি ভারতের জম্মু অঞ্চলের একটি পারিবারিক সহিংসতার ঘটনা।
ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে “लाठी से पत्नी को पीटता रहा हैवान पति…” শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম News 24 Online-এ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
২০ মার্চ প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়। সেখানে নারী ও মধ্যবয়সী পুরুষের পোশাক, ঘরের পরিবেশ—সবকিছুতেই সাদৃশ্য লক্ষ্য করা যায়।
প্রতিবেদন অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের এক ব্যক্তি তার স্ত্রীকে মারধর করেন এবং পরবর্তীতে ভিডিওটি ভাইরাল হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এছাড়াও “Jammu Man Arrested After Video of Him Brutally Beating Wife Goes Viral” শিরোনামে ভারতীয় সংবাদমাধ্যম Republic-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতেও একই ঘটনার মিল পাওয়া যায়।
অতএব, ভাইরাল ভিডিওটি বাংলাদেশে কোনো রাজনৈতিক সহিংসতার ঘটনা নয়; এটি ভারতের জম্মুতে ঘটে যাওয়া একটি পারিবারিক নির্যাতনের ঘটনা, যা ভুল দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

