দিনাজপুরে মসজিদে আগুনের নামে এক বছরের পুরনো ভিডিও প্রচার

ছবি: আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা আগুন দিয়েছেন। আবার একই ভিডিও ব্যবহার করে কোথাও জামায়াত, কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মসজিদে আগুন দেওয়ার অভিযোগও তোলা হচ্ছে।
তবে আগামীর সময়ের যাচাইয়ে দেখা গেছে, এসব দাবি সঠিক নয়। ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। এটি গত বছরের পুরনো ভিডিও। ২০২৫ সালের ২৮ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলায় ‘জীবন মহল’ নামের একটি বিনোদনকেন্দ্র এবং এর ভেতরে থাকা বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার দৃশ্য এটি।
কী ভিডিও ছড়াচ্ছে?
ফেসবুকের ‘মো. জালাল আহমেদ’ নামের একটি পেজ থেকে ৫৫ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘বাংলাদেশের মুসলিম দেখুন জামাতের হাতে মসজিদে নিরাপদ নাই।’
ভিডিওতে দেখা যায়, হালকা রঙের শার্ট পরা একজন ব্যক্তি ক্যামেরার সামনে বসে কথা বলছেন। ভিডিওর নিচের অংশে বিভিন্ন ঘটনার দৃশ্য সংযুক্ত করা হয়েছে। শুরুতে একটি ভবনের সামনের অংশে আগুন জ্বলতে এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর সড়কে কয়েকটি গাড়ি, একটি ভাঙা বা উল্টে যাওয়া রান্নার পাত্র, সাদা পোশাক পরা কয়েকজন ব্যক্তির চলাচল এবং একটি স্থাপনার আশপাশের দৃশ্য দেখানো হয়।
ভিডিওর পরবর্তী অংশে লাল ও নীল রঙের প্লাস্টিকের চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। কয়েকজনকে মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ ছাড়া একটি ভবনের ভেতরে ভাঙাচোরা অবস্থায় আসবাব ও ছাদের অংশ পড়ে থাকতে দেখা যায়। শেষ দিকে ভবনের ভেতরে ও বাইরে কয়েকজন ব্যক্তির চলাচলের দৃশ্য রয়েছে।
প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি ১১ হাজারের বেশি বার শেয়ার হয়েছে। এতে প্রতিক্রিয়া পড়েছে প্রায় ১৯ হাজার ৫০০টি।
একই ভিডিও ফেসবুকের ‘Naimur Rahman Durjoy’ নামের আরেকটি পেজ থেকে প্রকাশ করা হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘ভারতীয় প্রভুদের খুশি করার জন্য, এবার আল্লাহ ঘর মসজিদে আগুন ধরিয়ে দিলো আওয়ামী সন্ত্রাসীরা।’
এ ছাড়া ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ নামের আরেকটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদসহ বিভিন্ন স্থাপনায় বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা আগুন দিয়েছেন।
যাচাইয়ে যা মিলছে
দাবিগুলোর সত্যতা যাচাইয়ে ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে আগামীর সময়। অনুসন্ধানে একাধিক সংবাদমাধ্যমের যাচাইকৃত ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও পাওয়া যায়। সেসব ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির একাধিক দৃশ্যের হুবহু মিল রয়েছে। ভিডিওগুলোর বিবরণে বলা হয়েছে, এগুলো দিনাজপুরের ‘জীবন মহল’ নামের বিনোদনকেন্দ্র ও এর ভেতরে থাকা দরবার শরিফে হামলার ঘটনার দৃশ্য।
ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানতে প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে ২০২৫ সালের ২৮ ও ২৯ আগস্ট বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ছবির সঙ্গেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০২৫ সালের ২৮ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চন মোড় এলাকায় ‘জীবন মহল’ নামের বিনোদনকেন্দ্রে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে, একই বছরের ১৭ আগস্ট অসামাজিক কার্যকলাপের অভিযোগে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ওই অভিযানে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা এবং সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়।
পরে প্রতিষ্ঠানটির মালিকের গ্রেপ্তারের দাবিতে এক পক্ষ বিক্ষোভ করে। অন্যদিকে তার সমর্থকরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ২৮ আগস্ট দুপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই দিন স্থাপনাটির ভেতরে থাকা দরবার শরিফে আগুন দেওয়া হয়। একই সঙ্গে চত্বরে থাকা মসজিদটিও হামলার শিকার হয়।
অর্থাৎ, দিনাজপুরের বিরলে ‘জীবন মহল’ বিনোদনকেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের এক বছরের বেশি পুরনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। একই ভিডিও ব্যবহার করে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মসজিদে আগুন দেওয়ার অসত্য অভিযোগ তোলা হচ্ছে।
সম্প্রতি দিনাজপুরে আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ নভেম্বর দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি ও পাহাড়পুর ঠোঙ্গাপট্টি এলাকায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনার ছবি ও ভিডিও সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সেসব ঘটনার দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটির কোনো মিল পাওয়া যায়নি।





