আগামীর সময়

জামায়াত-বিএনপি প্রসঙ্গে ফয়জুল করিমের নামে ভুয়া বক্তব্য প্রচার

জামায়াত-বিএনপি প্রসঙ্গে ফয়জুল করিমের নামে ভুয়া বক্তব্য প্রচার

ছবিঃ আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘আমরা যদি জামায়াত জোটে থাকতাম বিএনপি পরাজিত হতো’, এমন একটি মন্তব্য মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের নামে প্রচার করা হয়েছে। ফটোকার্ড আকারে ছড়িয়ে পড়া এই দাবিটি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই মন্তব্যটি ফয়জুল করিমের নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে বিষয়টির সূত্রপাত হয়েছে, যা পরে আসল বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে খোঁজ নিয়ে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ১৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ফটোকার্ডটির মিল রয়েছে।

পেজটির বায়োতে স্পষ্টভাবে উল্লেখ আছে, এটি কেবল বিনোদনের উদ্দেশ্যে পরিচালিত এবং এর পোস্টগুলোকে সিরিয়াসভাবে নেওয়ার অনুরোধ করা হয়নি। এছাড়া পেজটি পর্যবেক্ষণ করলে একই ধরনের আরও ব্যঙ্গাত্মক কনটেন্ট দেখা যায়।

এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, আলোচিত ফটোকার্ডটি মূলত ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যা পরে বিভ্রান্তিকরভাবে ছড়িয়ে পড়েছে।

এছাড়া, নির্ভরযোগ্য কোনো সূত্র বা মূলধারার গণমাধ্যমে এমন মন্তব্যের প্রমাণ মেলেনি। ফলে, ফয়জুল করিম ‘আমরা যদি জামায়াত জোটে থাকতাম বিএনপি পরাজিত হতো’, এমন মন্তব্য করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা।

    শেয়ার করুন: