‘জ্বালানি মন্ত্রীর সিন্ডিকেট’ প্রসঙ্গে মির্জা ফখরুলের নামে ভুয়া বক্তব্য প্রচার

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, “জ্বালানি মন্ত্রীর নিজস্ব সিন্ডিকেট সারাদেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে।”
তবে অনুসন্ধানে দেখা গেছে, এ ধরনের কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি।
যাচাইয়ে প্রচারিত ফটোকার্ডে ‘atv’ লোগো দেখা যায়। এ সূত্র ধরে খোঁজ নিয়ে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে ২৫ মার্চ প্রকাশিত একটি মূল ফটোকার্ড পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ফটোকার্ডের আংশিক মিল রয়েছে।
মূল ফটোকার্ডে শিরোনাম ছিল- 'দেশে চাঁদাবাজির পরিমাণ বাড়লেও বিএনপির কেউ জড়িত না: মির্জা ফখরুল’।
কিন্তু সম্পাদনার মাধ্যমে ওই শিরোনাম পরিবর্তন করে ‘জ্বালানি মন্ত্রীর নিজস্ব সিন্ডিকেট' সংক্রান্ত ভিন্ন বক্তব্য বসিয়ে নতুন ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, ‘আশার আলো’ পেজটির পরিচিতি অনুযায়ী এটি একটি স্যাটায়ারধর্মী পেজ, যেখানে সমসাময়িক বিষয় ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে উপস্থাপন করা হয়। ফলে মূল ফটোকার্ডের বক্তব্যটিও বাস্তব নয়, বরং সার্কাজম হিসেবে তৈরি।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জ্বালানি মন্ত্রীর নিজস্ব সিন্ডিকেট সারাদেশে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে’- এমন মন্তব্য করেছেন দাবি করে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

