আগামীর সময়

‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লন্ডভন্ড করে দেব’- এমন মন্তব্য করেননি আসিফ

‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লন্ডভন্ড করে দেব’- এমন মন্তব্য করেননি আসিফ

ছবিঃ আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামে ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লন্ডভন্ড করে দেব’ শীর্ষক একটি মন্তব্য প্রচার করা হয়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি আসিফ মাহমুদ করেননি। দাবিটির কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও এ বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য মেলেনি। পাশাপাশি, আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পর্যবেক্ষণেও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে দেখা যায়, ‘NewsTime TV’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৮ মার্চ প্রথম এ দাবির ফটোকার্ডটি প্রকাশ করা হয়।
পরবর্তীতে সেটি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আসল বক্তব্য হিসেবে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ‘NewsTime TV’ পেজটির বায়োতে ‘স্যাটায়ার/প্যারোডি’ হিসেবে নিজেদের পরিচয় দেওয়া আছে। পেজটিতে একই ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক পোস্ট নিয়মিত প্রকাশিত হয়।

এ থেকে স্পষ্ট যে, আলোচিত দাবিটি মূলত একটি ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উৎসারিত, যা পরবর্তীতে বিকৃতভাবে সত্য দাবি হিসেবে প্রচার করা হয়েছে।

সুতরাং, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উক্ত মন্তব্য করেছেন- এ দাবি সম্পূর্ণ মিথ্যা।

    শেয়ার করুন: