স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রার ভিডিওটি পুরোনো

ছবি: আগামীর সময়
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন— এমন দাবিতে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; এটি ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ কয়েক দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির পুরোনো ভিডিও।
কী দাবি করা হচ্ছে?
গতকাল শনিবার থেকে বেশ কয়েকটি ফেসবুক প্রোফাইলে ২৩ সেকেন্ডের ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটিতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিছু মানুষ। একজনকে বলতে শোনা যায়, ‘দর্শক দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি এরই মধ্যে শুরু হয়েছে। ঢাবি শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছে সচিবালয় এলাকা জুড়ে।’
ভিডিওর ক্যাপশনে লেখা হয়— ‘ঢা বি: শিক্ষার্থীরা ডাকসুর VP সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় পথে’।
ফেসবুকে‘Mukto Diary”মুক্ত ডায়েরি” নামের একটি অ্যাকাউন্ট থেকে আজ রবিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ হাজার বার শেয়ার হয় ভিডিওটি, পোস্টে প্রায় ২ লাখ ৭২ হাজার প্রতিক্রিয়া পড়েছে। আরও কিছু পেজ ও আইডি থেকেও প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়াতে দেখা যায়।
আসল ঘটনা কী?
অনুসন্ধানে ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে সার্চ করলে ‘এনপিবি নিউজ’-এর ফেসবুক পেজে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘ফের পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে অভিমুখে ঢাবি শিক্ষার্থীরা’ শিরোনামে প্রকাশিত ১ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিও। এবং ওই ভিডিওর শুরুর অংশ থেকে ৩১ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও হুবহু মিলে যায়। এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে বলা বক্তব্যও প্রতিবেদনটির অডিওর সঙ্গে মিলে যায়।
এই ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কার্যালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়। ডাকসু কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার ও শিক্ষা ভবনসংলগ্ন সচিবালয় এলাকায় পুলিশের বাধার মুখে পড়লে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।
অতএব, সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওর দাবিটি মিথ্যা। ২০২৫ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির একটি পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে যাত্রার ভুয়া দাবিতে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।






