ব্যাড বানির পারফরম্যান্সকে ‘সর্বকালের অন্যতম নিকৃষ্ট’ আখ্যা ট্রাম্পের

সংগৃহীত ছবি
সুপার বোলের জমকালো হাফটাইম শো তে পুয়ের্তো রিকান র্যাপার ব্যাড বানির পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই শোটিকে ‘আমেরিকার গালে চপেটাঘাত’ বলে আখ্যা দিয়েছেন।
সুপার বোল খেলা সরাসরি স্টেডিয়ামে বসে না দেখে ট্রাম্প ফ্লোরিডায় একটি ‘ওয়াচ পার্টি’তে অংশ নিয়েছিল । সেখান থেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ তিনি লেখেন, এবারের হাফটাইম শো ছিল ভয়াবহ এবং সর্বকালের অন্যতম নিকৃষ্ট। তার মতে, এই আয়োজন আমেরিকার সৃজনশীলতা বা শ্রেষ্ঠত্বের কোনো প্রতিফলন নয়।
ব্যাড বানি স্প্যানিশ ভাষায় গান গাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এই লোক কী বলছে, কেউ একটা শব্দও বুঝতে পারেনি।” তিনি নাচের ভঙ্গিকেও ‘ঘৃণ্য’ বলে মন্তব্য করেন এবং দাবি করেন, শিশু দর্শকদের জন্য এই পারফরম্যান্স মোটেও উপযুক্ত ছিল না।
হাফটাইম শো তে ব্যাড বানির সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লেডি গাগা ও রিকি মার্টিনের মতো তারকারাও। পারফরম্যান্সে ব্যাড বানি ঐক্যবদ্ধ আমেরিকার বার্তা দেওয়ার চেষ্টা করেন। তিনি ‘গড ব্লেস আমেরিকা’র পরিধি বাড়িয়ে উত্তর ও দক্ষিণ আমেরিকার ২০টিরও বেশি দেশের নাম উল্লেখ করেন। মঞ্চে মার্কিন পতাকার পাশাপাশি পুয়ের্তো রিকোর পতাকাও প্রদর্শিত হয়। তার হাতে থাকা একটি ফুটবলে লেখা ছিল, “টুগেদার উই আর আমেরিকা”।
ব্যাড বানি ও ট্রাম্পের মধ্যে মতবিরোধ নতুন নয়। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডসে ইতিহাস গড়ে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ জেতার পর পুরস্কার গ্রহণের মঞ্চে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কড়া সমালোচনা করেন ব্যাড বানি। তিনি বলেন, “আমরা পশু নই, আমরা মানুষ আমরাও আমেরিকান।”
ব্যাড বানিকে হাফটাইম শো তে বেছে নেওয়ার পর থেকেই রক্ষণশীল মহলে অসন্তোষ ছিল। প্রতিবাদ হিসেবে রক্ষণশীল সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ কিড রকসহ ট্রাম্পপন্থী শিল্পীদের নিয়ে আলাদা একটি অনুষ্ঠান আয়োজন করে, যার নাম ছিল ‘দ্য অল-আমেরিকান হাফটাইম শো’।
তবে ট্রাম্পের সমালোচনা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাড বানির পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে পুয়ের্তো রিকো সব জায়গাতেই তার পরিবেশনা ও চমকপ্রদ অতিথিদের নিয়ে ইতিবাচক আলোচনা চলছে।
সূত্র: সিএনএন



