বিয়ের ৬ মাস না হতেই তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন
আগামীর সময় ডেস্ক

রণজয়-শ্যামৌপ্তির বিয়ের আয়োজন ছিল রাজকীয়- ইনস্টাগ্রাম
ভালোবেসে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন ভারতীয় বাংলা টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি। বিয়ের এখনো ছয় মাস পূর্ণ হয়নি। তার আগেই শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। টলিপাড়ায় এখন আলোচনায় এই দম্পতি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে রণজয়-শ্যামৌপ্তির মধ্যে সমস্যা চলছে। তারা এখন আলাদা থাকছেন। মা-বাবার কাছে ফিরেছেন শ্যামৌপ্তি।
আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, গত একমাস ধরে রণজয়-শ্যামৌপ্তির বিচ্ছেদের গুঞ্জন টলিপাড়ায় উড়ছে। শোবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠানেও তাদের সেভাবে একসঙ্গে দেখা যাচ্ছে না। যদিও মাসখানেক আগে আর্টিস্ট ফোরামের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। কিন্তু তারপর আর এই নবদম্পতিকে দেখা যায়নি। হঠাৎ কেন এমন গুঞ্জন চাউড় হয়েছে তা অজানা।
চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে রাজকীয় আয়োজনে বিয়ে করেন রণজয়-শ্যামৌপ্তি। দুই পরিবারের সদস্য ছাড়াও টলিউডের একঝাঁক তারকা বিয়েতে উপস্থিত ছিলেন।
২০১৫ সালে ‘চোখের বালি’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে শ্যামৌপ্তির। তারপর ‘পটল কুমার গানওয়ালা’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘ধ্রুবতারা’, ‘ঘুড্ডি’সহ অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘ঘুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন রণজয়-শ্যামৌপ্তি। বড়পর্দায়ও পা রেখেছেন এই অভিনেত্রী।







