কলকাতায় সম্মাননা পেলেন আসাদুল ইসলাম

ছবি: আগামীর সময়
কলকাতায় পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের নাট্যকার আসাদুল ইসলাম। কলকাতার নাট্যদল সুন্দরম আয়োজিত মনোজ মিত্র প্রকল্পিত আন্তর্জাতিক মৌলিক পূর্ণাঙ্গ বাংলা নাটক রচনা প্রতিযোগিতার ৩৩তম বর্ষে তার লেখা ‘অপারেশন জ্যাকপট’ নাটকটি পুরস্কার পেয়েছে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে আয়োজিত অনুষ্ঠানে নাটকটির নাট্যকার হিসেবে আসাদুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে আসাদুল ইসলাম বলেন, এটি অত্যন্ত আনন্দের খবর যে আমি একটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছি। থিয়েটার থেকে পাওয়া এটিই আমার প্রথম পুরস্কার।
দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলেও পুরস্কারের প্রত্যাশায় তিনি কাজ করেননি বলে জানিয়েছেন এই নাট্যকার। তিনি বলেন, দীর্ঘ বৎসর থিয়েটারের সাথে যুক্ত থেকে আমি এমন কিছু করি নাই যে আমাকে পুরস্কার পেতে হবে বা আমি পুরস্কারের অপেক্ষায় ছিলাম, তবু যেহেতু আমি পুরস্কারটি পেলাম তাই আনন্দটুকু ভাগ করে নিতে কুণ্ঠা বোধ করলাম না।
প্রতিযোগিতার ৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশ থেকে কোনো নাট্যকারকে মনোনীত করা হয়েছে বলে জানান আসাদুল ইসলাম। এ প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রতিযোগিতার ৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশ থেকে কাউকে মনোনীত করা হলো।”
একজন নাট্যকার হিসেবে পাওয়া এই পুরস্কারটি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সহযোদ্ধা নাট্যকর্মীদের উৎসর্গ করেছেন আসাদুল ইসলাম। তিনি বলেন, “একজন নাট্যকার হিসাবে আমি পুরস্কারটি পেয়েছি এবং পুরস্কারটি আমি আমার সহযোদ্ধা নাট্যকর্মীদেরকে উৎসর্গ করলাম।”
সবশেষে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা জানিয়ে তিনি বলেন, “সকলের প্রতি আমার ভালোবাসা।”






