দুই বছর পর ঢাকায় গাইবেন অনুপম রায়
বিনোদন প্রতিবেদক

অনুপম রায়
দুই বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। আগামী ২৬ জুন রাজধানীতে একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি।
আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টে অনুপম রায়ের সঙ্গে পারফর্ম করবে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। তবে আয়োজনের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় ইনডোর ভেন্যুতে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জুনের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই শিল্পী দীর্ঘদিন ধরেই দুই বাংলার শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। তার লেখা, সুর করা ও গাওয়া গান এক যুগের বেশি সময় ধরে শ্রোতাদের আবেগের অংশ হয়ে আছে।
এর আগে একাধিকবার বাংলাদেশে এসে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরে কনসার্ট করেছেন অনুপম রায়। বাংলাদেশের শ্রোতাদের ভালোবাসা ও আন্তরিকতা তাকে বারবার এ দেশে টেনে আনে বলেও বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন তিনি।
দুই বছরের বিরতির পর তার ঢাকায় ফেরার খবরে ভক্তদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।







