হংকংয়ে ‘বনলতা এক্সপ্রেস’

অলিম্পিয়ান সিটিতে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কলাকুশলীরা
হংকংয়ে চলমান এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (এএফএফ) ২০২৬-এ প্রদর্শিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় অলিম্পিয়ান সিটির দ্য স্কাই-৩-এ ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হয় ১৫৩ মিনিটের বাংলা ভাষার সিনেমাটি। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন পরিচালক তানিম নূর, অভিনেতা শরীফুল রাজ ও অভিনেত্রী সাবিলা নূর। সিনেমা প্রদর্শনের আগে ও পরে শিল্পীদের সঙ্গে দর্শকদের ইন্টার্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ইভেন্ট হলেও সিনেমাটির প্রদর্শন হয়। সেখানে বাংলাদেশের শিল্পীদের সম্মাননা দেওয়া হয়।
উৎসবে বাংলাদেশের আরেক নির্মাতা আদনান আল রাজীবের অংশগ্রহণও উল্লেখযোগ্য। ‘নিউ ফ্রিকোয়েন্সিজ: শর্ট ফিল্মস অব ইয়ুথ অ্যান্ড হুইমসি (সাউথইস্ট এশিয়া)’ শিরোনামের আয়োজনে তিনি মালয়েশিয়ার আনান্থ সুব্রামানিয়াম ও ফিলিপাইনের হোয়ামি আলকাজারেনের সঙ্গে অংশ নেন। সংগীত ও স্বতন্ত্র সিনেমাটোগ্রাফির মাধ্যমে তরুণ নির্মাতাদের ভিন্নধর্মী গল্প বলার ধরন তুলে ধরা হয় সেখানে।
এএফএফ ২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০ আগস্ট, চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। উৎসবের অন্যতম লক্ষ্য চলচ্চিত্রের মাধ্যমে হংকং ও আসিয়ান অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো।







