রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ‘অ্যানিমেল ফার্ম’

‘অ্যানিমেল ফার্ম’ নাটকের দৃশ্য
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনায় আবারও মঞ্চায়ন হতে যাচ্ছে জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ‘অ্যানিমেল ফার্ম’। ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আগামী ২৬ ও ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। নাট্যরূপ দিয়েছেন নজরুল সৈয়দ।
১৯৪৫ সালে প্রকাশিত জর্জ অরওয়েলের ‘অ্যানিমেল ফার্ম’ বিশ্বসাহিত্যের অন্যতম আলোচিত রাজনৈতিক রূপক উপন্যাস। নাটকটির নির্দেশনা দিয়েছেন গবেষক ও শিক্ষক ড. সাইদুর রহমান লিপন। তিনি বললেন, “এটি শুধু একটি পশুখামারের গল্প নয়; ‘অ্যানিমেল ফার্ম’ আমাদের রাষ্ট্র, সমাজ ও ক্ষমতা কাঠামোর প্রতিচ্ছবি।”
অভিনয় করছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা। সহযোগী নির্দেশক ড. শামীম আহমেদ ও আব্দুর রাজ্জাক। সেট ও প্রপস পরিকল্পনায় রয়েছেন আব্দুর রাজ্জাক। পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ এবং সংগীত পরিকল্পনায় অসীম কুমার নট্ট। কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ইশতিয়াক।
২০২৫ সালের ৪ আগস্ট জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসবে শিল্পকলা একাডেমিতে নাটকটির প্রদর্শনী হয়। নাটকটির প্রদর্শনী-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করা যাবে ০১৭১১৫৭৯৩১৯ নাম্বারে।




